
সময় কী দ্রুতই না বদলে যায়!
তাঁর মুখটা এত দিন মলিনই দেখাত বেশি। সেই মুখেই এখন ঝলমলে হাসি। পিছিয়ে পড়েও ফেনী সকারকে ৩-১ গোলে হারিয়ে শফিকুল ইসলাম মানিকের চোখেমুখে কেমন নতুন আলো। বেঁচে উঠল কোমায় চলে যাওয়া তাঁর দল শেখ রাসেল ক্রীড়াচক্র।
নড়বড়ে শেখ রাসেল লিগের প্রথম ১১ ম্যাচে এক গোলের বেশি পায়নি। ১৩তম ম্যাচে দুই গোল। কাল ১৫তম ম্যাচে একসঙ্গেই ধরা দিল তিন তিনটি গোল! গোল তো নয়, যেন দুঃসময়ের ঘেরাটোপ থেকে ঘুরে দাঁড়ানোর নীরব ঘোষণা। সেদিক থেকে এটি রেকর্ডের রাতও অল ব্লুদের। মানিকের জন্য অনেক বড় স্বস্তির। আনন্দেরও।
গত বছর ২০ সেপ্টেম্বর এই এমএ আজিজ স্টেডিয়ামেই শেখ কামাল টুর্নামেন্টের শিরোপা হাতে তোলেন চট্টগ্রাম আবাহনীর কোচ হিসেবে। সেই পয়া মাঠই মানিককে কাল উপহার দিয়েছে এ বছরের সেরা রাত, ‘অবশ্যই এ বছর এমন রাত আর আসেনি আমার। দল নিয়ে এত দিন ধুঁকছিলাম, এখন তা থেকে বেরিয়ে আসছি।’
শেখ রাসেলের সবচেয়ে বড় জয়টাও এল কিনা মূল স্ট্রাইকার শাখাওয়াত রনিকে ছাড়াই। ১৩ মিনিটে বুটে বুটে সংঘর্ষ হয় রনি ও সকারের সুশান্তর, রেফারি একটু কঠোর হয়েই দুজনকেই দেন মার্চিং অর্ডার। রুম্মান ৭০ ও ৮৬ মিনিটে দুটি গোল এনে দেওয়ায় রনির অভাব বড় হয়ে ওঠেনি। মাঝখানে ৮৪ মিনিটে ইকাঙ্গার গোল জয়ের পথ দেখায় শেখ রাসেলকে। তাই ৬৪ মিনিটে হেলাল ফেনী সকারকে এগিয়ে নিলেও শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয়েছে কিছুটা এলোমেলো দলটিকে। শেখ রাসেলের লম্বা শটে দ্রুত আক্রমণে যাওয়ার কৌশলের কাছেই শেষ দিকে মার খেয়েছে তারা।
কিন্তু প্রাধান্য নিয়ে খেলেও জয় না পাওয়ায় চট্টগ্রাম আবাহনী সান্ত্বনা খুঁজে পাচ্ছে না। বরং শেখ জামালের কাছে ১-০ গোলে হেরে চটপটে কোচ জোসেফ পাভলিকের ম্যাচ শেষের ক্ষুব্ধ কথাবার্তাই বলে দিচ্ছে সব।
লিগে প্রথম সাত ম্যাচ পরই হঠাৎই বড় কোনো কারণ ছাড়াই এই সার্বিয়ান কোচকে ছাঁটাই করে চট্টগ্রাম আবাহনী। কিন্তু দেশে না ফিরে পাভলিক চট্টগ্রাম আবাহনীর সঙ্গেই ছিলেন। প্রধান কোচের দায়িত্ব কাল ফিরে পেয়ে দলকে জেতানোর জন্য আক্রমণাত্মক ছকই সাজান। কিন্তু প্রিউক্স, ইব্রাহিমরা সহজ কিছু সুযোগ হারান। উল্টো ৬৩ মিনিটে ল্যান্ডিংয়ের আড়াআড়ি এক দারুণ ফ্রি-কিক গোল হারের তেতো স্বাদই দিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। এই জয়টা জোসিমউদ্দিন জোসির জন্য মধুর। ২৫ পয়েন্ট নিয়ে তাঁর দল এখন তিনে।
জোসির জন্য যা মধুর চট্টগ্রাম আবাহনীর জন্য তা হতাশার। কোচ পাভলিক সংবাদ সম্মেলনে এসে তাই উগরে দিতে থাকলেন তাঁর যাবতীয় ক্ষোভ, ‘আমাকে তখন সরিয়ে দেওয়া কি ঠিক হয়েছে? ওটা করায় দলের রানিং, ফিটনেস সবই কমে গেছে। আমি এক সপ্তাহ আগে আবার প্রধান কোচের দায়িত্ব ফিরে পেয়ে কীই-বা করতে পারি। তাই এখন আস্তে আস্তে শীর্ষস্থান থেকে ছিটকে চট্টগ্রাম আবাহনীর স্বপ্নটা ধূসর হয়ে যাচ্ছে।’
পাভলিককে থামানোই যাচ্ছিল না, শুধু বলেই যাচ্ছিলেন নিজের কথা। একটু দূরে নিবিষ্ট শ্রোতা তখন আবাহনীর কোচ জর্জ কোটান। চট্টগ্রামে ক্রিকেট বিপিএলের ঢেউয়ে যখন ফুটবল স্টেডিয়াম অনেকটাই ফাঁকা, পাভলিক যেন দায়িত্ব নিলেন সেটিতে একটু উত্তাপ ছড়ানোর!