পারল না শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ রাসেল ক্রীড়াচক্র দুঃসময়ের ঘেরাটোপ থেকে বেরোতে পারছে না। এবার আশা জাগিয়েও এএফসি কাপের প্লে-অফের বাছাইপর্ব থেকেই বিদায় নিতে হলো।

থিম্পুতে কাল ভুটানের টারটনস ক্লাবের কাছে হার ৪-৩ গোলে। ড্র করলেই মিলত পরের রাউন্ডের টিকিট। থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে শেখ রাসেল শুরুও করেছিল ভালোভাবে। কিন্তু ১৮ মিনিটে খেলার ধারার বিরুদ্ধে গোল হজম। দ্রুত পাল্টা আক্রমণে রক্ষণ থেকে লম্বা বল পেয়ে টারটনসের ফরোয়ার্ড চেনচোর প্লেসিং জালে।

ঘুরে দাঁড়াতে অবশ্য সময় লাগেনি। ২০ মিনিটেই জামাল ভূঁইয়ার ফ্রি-কিক থেকে ইকাঙ্গার হেডে ১-১। এরপরই ভোজবাজির মতো পাল্টে গেল ম্যাচের ছবি। শেখ রাসেলের রক্ষণ হয়ে পড়ল বালির বাঁধ। ৪১ মিনিটে ভুটানের রোনালদোখ্যাত চেনচো করলেন দলের চতুর্থ গোল। ১-১ স্কোরলাইন প্রথমার্ধেই ৪-১!

শেখ রাসেলের গোলরক্ষক লিটন পোস্টের নিচে ছিলেন নড়বড়ে। বাজে সব গোল খেয়ে দলকে ঠেলে দিয়েছেন হারের
দিকে।

দ্বিতীয়ার্ধে ৪-২ করেন স্ট্রাইকার শাখাওয়াত রনি। তৃতীয় গোলটি ইকাঙ্গার। তবে ৪-২ করার পর শাখাওয়াত পেনাল্টি নষ্ট করেন, তাঁর দুর্বল পেনাল্টি আটকে দেন টারটনসের গোলরক্ষক।

কোচ মারুফুল হক এই হারের জন্য মূল দায়টা দিচ্ছেন গোলরক্ষককে, ‘আগের ম্যাচে জিয়া খারাপ করায় লিটনকে সুযোগ দিয়েছিলাম। কিন্তু ওর দুর্বল কিপিংয়েই সর্বনাশটা হলো।’

টারটনসের এই ম্যাচ দেখে বড় বার্তা পেল জাতীয় দল। ভুটানের সঙ্গে এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম প্লে-অফ ঢাকায় ৬ সেপ্টেম্বর। যেভাবে টারটনস খেলেছে ঘরের মাঠে, বাংলাদেশের পক্ষে ভুটানকে হারানো কঠিনই মনে হচ্ছে। টারটনসের ১০ জনই জাতীয় দলের খেলোয়াড়। সেই দলটি ঢাকায় এসে কী করবে, সেটা বুঝিয়ে দিয়েছে শেখ রাসেলের স্বপ্ন গুঁড়িয়ে।