'পারলে ওর সঙ্গে মারামারি করতাম, ঘুষি মারতাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক রয় কিন। ছবি:টুইটার
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক রয় কিন। ছবি:টুইটার
>

গত রাতে টটেনহামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। একটা 'ভুল' না হলে হয়তো ড্র নয় জয় নিয়েই মাঠ ছাড়ত ওলে গুনার সুলশারের শিষ্যরা। সেটা নিয়েই খেপেছেন দলটার সাবেক কিংবদন্তি অধিনায়ক রয় কিন

ম্যাচের সাতাশ মিনিটের ঘটনা।

টটেনহাম গোলরক্ষক হুগো লরিসের কাছ থেকে উড়ে আসা বল সামলাতে গিয়ে খামখেয়ালিভাবে মাঝমাঠে দখল হারান ইউনাইটেড স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। পাশে ওঁত পেতে থাকা স্পার্সের ডাচ উইঙ্গার স্টিভেন বার্গউইন সে বল নিয়ে দেন ভোঁ দৌড়।
গতিময় বার্গউইনকে আটকানোর সামর্থ্য ছিল না লুক শ, ভিক্টর লিন্ডেলফ বা বিশ্বের সবচেয়ে দামী ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারের। ডি-বক্সে ঢুকেই জোরে শট নেন বার্গউইন। আর এখানেই এসেই বহুদিনের বিশ্বস্ত হাত যেন বিশ্বাসঘাতকতা করে বসল ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গেয়ার সঙ্গে। তাঁর হাতে লেগে বল ঢুকে যায় ইউনাইটেডের জালে।

পোস্টের নিচে ডেভিড ডি গেয়ায় ভরসা পান না রয় কিন। ছবি: টুইটার
পোস্টের নিচে ডেভিড ডি গেয়ায় ভরসা পান না রয় কিন। ছবি: টুইটার

ডি গেয়া-ম্যাগুয়রারের এই ব্যর্থতায় সরব হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। তবে শেষমেশ ব্যাপারটা শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ থাকেনি। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই তারকার কাছ থেকে এমন ভুল মেনে নিতে পারেননি ইউনাইটেডের সাবেক কিংবদন্তি অধিনায়ক রয় কিন। প্রথমার্ধ শেষে স্কাই স্পোর্টসের অনুষ্ঠানে খেলা নিয়ে কাটাছেঁড়া করতে বসা কিন বলতে গেলে একদম ধুয়ে দিয়েছেন ডি হেয়া আর ম্যাগুয়ারকে, 'দেখুন, আমি সারাজীবন অনেক ফুটবল দেখেছি। কিন্তু নিজের দল আজকে যেভাবে গোল খেল, তা দেখে আমার প্রচণ্ড রাগ হয়েছে। লুক শ যেভাবে আলগোছে বলটা হেড করল, তা দেখে আমার বিশ্বাসই হয়নি। ম্যাগুয়ারের খেলা দেখে আমি হতভম্ব। আর ডি গেয়া? ওর খেলা দেখলে আমি অসুস্থ হয়ে যাই।'

আজ খেলোয়াড় থাকলে ড্রেসিংরুমে নিজেকে আটকাতে পারতেন না বলে জানিয়েছেন কিন, 'হাফ টাইমে আমি ড্রেসিংরুমে থাকলে ওদের সঙ্গে মারামারি করতাম। ডি গেয়ার মুখে ঘুষি মারতাম কয়েকটা। ও একজন প্রতিষ্ঠিত আন্তর্জাতিক গোলরক্ষক। ম্যাচের মধ্যে যদি নিজের আধিপত্যই কায়েম না করতে পারো তাহলে তুমি কীসের খেলোয়াড়? ম্যাগুয়ার আর ডে গেয়া, এ দুজনকে পারলে আমি ম্যাচের পর বাসে চাপতে দিতাম না। ট্যাক্সিতে চেপে ম্যানচেস্টারে ফেরো! নাহ আমি আশ্চর্য হয়ে গেছি। বিরক্ত। ডা গেয়া, ম্যাগুয়ার – তোমাদের লজ্জায় মাথা তোলা উচিৎ না। বহু বহু দিন যাবত আমি ডি গেয়ার মতো অতিমূল্যায়িত গোলরক্ষক দেখিনি।'