পারলে বার্সাই পারবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে ব্যাপারটা সত্যিই ঘটলে বার্সেলোনা সমর্থক কিংবা নিখাদ ফুটবল-রোমান্টিকদের জন্য সেটি হবে এক রূপকথা। কী সেটা? বার্সার কোচ হয়ে ন্যু ক্যাম্পে পেপ গার্দিওলার প্রত্যাবর্তন।

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা পিএসজির কাছে শেষ ষোলোর প্রথম লেগটা ৪-০ গোলে হারার পর অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। সবচেয়ে বড়টা হচ্ছে, এ মৌসুম শেষেই বিদায় করে দেওয়া হতে পারে বার্সা কোচ লুইস এনরিকেকে। পরবর্তী কোচ হিসেবে অনেক নামের মধ্যে কীভাবে যেন চলে এসেছে গার্দিওলার নামটাও। যদিও ম্যানচেস্টার সিটিতে মাত্র প্রথম মৌসুম চলছে গার্দিওলার। স্বভাবতই গার্দিওলাকে ব্যাপারটা ব্যাখ্যা করতে হচ্ছে বারবার। সেটা করতে গিয়েই কাল সিটি কোচ স্পষ্ট বলেছেন, ‘আমি আর কখনো কোচ হিসেবে বার্সেলোনায় ফিরব না। ওই অধ্যায় আমার শেষ।’

সত্য-মিথ্যা যাচাই করা যায়নি। তবে প্রায়ই শোনা যায়, লিওনেল মেসি আবারও পেপ গার্দিওলার অধীনে খেলতে চান। সেটা দুভাবে সম্ভব। যদি গার্দিওলা আবার কোচ হয়ে বার্সেলোনায় ফিরে আসেন, অথবা মেসি যোগ দেন গার্দিওলার এখনকার দল ম্যানচেস্টার সিটিতে।

গার্দিওলা তো বার্সেলোনায় ফেরার সম্ভাবনা বাতিল করে দিয়েছেন; কিন্তু মেসি সিটিতে আসতেই পারেন! বিশেষ করে বার্সার সঙ্গে যখন বর্তমান চুক্তিটা এখনো মেসি নবায়ন করেননি। কিন্তু গার্দিওলা উড়িয়ে দিলেন এই সম্ভাবনাও, ‘আমি আগেও অনেকবার এই প্রশ্নের উত্তর দিয়েছি। আমার বিশ্বাস, মেসি বার্সেলোনাতেই তার ক্যারিয়ার শেষ করবে।’

বার্সায় গার্দিওলার প্রত্যাবর্তন হচ্ছে না। কিন্তু কাতালান ক্লাবটির প্রতি তাঁর ভালোবাসা আছে আগের মতোই। কথা শুনলে অন্তত সেটাই মনে হবে। পিএসজির কাছে প্রথম লেগে ৪-০ গোলে হারের ধাক্কা সামলে দ্বিতীয় লেগে বার্সা অবিশ্বাস্য কিছু করবে—এই স্বপ্ন দেখতে সাহস করছেন না প্রবল আশাবাদী বার্সা সমর্থকও। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসেই নকআউট পর্বে ৪ গোলের ঘাটতি পুষিয়ে ফিরে আসার নজির নেই। তবে গার্দিওলা এখনই বার্সাকে বাতিল করে দিতে রাজি নন, ‘বার্সেলোনার খুব বেশি সমালোচনা করবেন না। কারণ ওরা আপনাকে যেকোনো সময় ভুল প্রমাণ করে দেবে। এখনো ওরা বিশ্বসেরা দল। ৪-০ ব্যবধানে হারের পর যদি কোনো দল ঘুরে দাঁড়াতে পারে, সেটা বার্সেলোনা। ওদের সেই মানসিকতা আছে।’

প্রত্যাশাটা বেশি বলেই বার্সেলোনার সমালোচনাও বেশি হয় বলে মনে করেন ক্লাবের উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজও। এসব সমালোচনা পাত্তা না দিয়ে নিজেদের খেলায় মনোযোগী হতে চান তাঁরা, ‘এই যে মানুষ বলে দিচ্ছে, বার্সেলোনায় একটা যুগের শেষ হয়ে গেছে, এটাও আমার কাছে বিস্ময়কর লাগছে না। আমরা বিশ্বের সেরা দল। হারি বা জিতি আমাদের সমালোচনা হয়। এটা আমাদের কাছে নতুন কিছু নয়। এটা নিয়ে এত ভাবলে চলবে না।’ রয়টার্স, গোলডটকম।