পারলেন না ডি মারিয়াও

কাজটা কঠিন, জানতেন। কিন্তু এতটা কঠিন হয়ে যাবে এটা কি স্বপ্নেও ভেবেছিলেন লুই ফন গাল?
অপেক্ষা করতে বলেছিলেন সমর্থকদের। সেই অপেক্ষার প্রহর যে কেবল লম্বাই হতে থাকবে, এটা নিশ্চয়ই ভাবেননি ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচেই সোয়ানসির কাছে হার, পরের ম্যাচে সান্ডারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র। এরপর ক্যাপিটাল ওয়ান কাপে (লিগ কাপ) তৃতীয় স্তরের দল মিলটন কিনস ডনসের (এমকে ডনস) কাছে লজ্জাজনকভাবে বিধ্বস্ত হওয়া! প্রতিযোগিতামূলক ম্যাচে এই মৌসুমে ইউনাইটেডের প্রথম জয়ের অপেক্ষার শেষ টানতে পারলেন না এমনকি প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে আসা অ্যাঙ্গেল ডি মারিয়াও। প্রিমিয়ার লিগে তাঁর অভিষেক ম্যাচটা কাল বার্নলির সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইউনাইটেড। সব মিলিয়ে চার ম্যাচে সাতটা গোল খেয়েছে ফন গালের দল, দিয়েছে মাত্র দুটি। রীতিমতো দৈন্যদশাই চলছে ইউনাইটেডের!
বাজে সময় পেছনে ফেলতে মরিয়া ফন গাল মাত্রই দিন কয়েক আগে ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে আনা ডি মারিয়াকে নামিয়ে দেন কাল একাদশে। ছিলেন ওয়েইন রুনি, রবিন ফন পার্সি, হুয়ান মাতার মতো তারকারাও। কিন্তু দেড় ঘণ্টায় তাঁরা কেউ খুঁজে পেলেন না বার্নলির জাল। ৭০ মিনিটে উঠে যাওয়ার আগে অবশ্য বেশ কয়েকটা ঝলক দেখিয়েছেন ডি মারিয়া। কিন্তু ওই পর্যন্তই। উল্টো বার্নলি কয়েকবার কাঁপিয়ে দিয়েছিল ইউনাইটেডের রক্ষণ। টার্ফ মুরের গ্যালারিতে বসে খেলা দেখেছেন ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনও। প্রিয় দলের করুণ দশা দেখে কি দীর্ঘশ্বাসও ফেলেছেন?
তবে জিততে না পারলেও আগের ম্যাচগুলোর তুলনায় এ ম্যাচে তাঁর দল ভালো খেলেছে বলেই দাবি ইউনাইটেড কোচের। যদিও মৌসুম শুরুর পর থেকে এ পর্যন্ত সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি নন, ‘উন্নতির ছাপ আছে আমাদের খেলায়। কিন্তু সত্যিটা হচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের কাছে জয়টাই প্রত্যাশিত। লিগের তিন ম্যাচে আপনি যখন মাত্র দুই পয়েন্ট পাবেন, সেটা ভালো নয় মোটেও। এটা হতাশাজনকই।’
ইউনাইটেড পয়েন্ট হারানোর দিনে হোঁচট খেয়েছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে কাল স্টোক সিটির কাছে ১-০ গোলে হেরেই গেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন স্টোক সিটির সেনেগালিজ স্ট্রাইকার মাম বিরাম দিয়ুফ। তবে জিতেছে চেলসি। ডিয়েগো কস্তার জোড়া গোলে হোসে মরিনহোর দল এভারটনকে হারিয়েছে ৬-৩ গোলে। এ নিয়ে টানা তিন ম্যাচেই জিতল চেলসি। কস্তাও গোল করলেন তিন ম্যাচেই। স্টার স্পোর্টস।