পারিবারিক দুঃখেই সরে দাঁড়ান ফার্গি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একরকম বিনা মেঘে বজ্রপাতের মতোই এসেছিল ঘোষণাটা। দুই বছর আগে ফুটবল-বিশ্বকে স্তম্ভিত করে স্যার অ্যালেক্স ফার্গুসন জানিয়েছিলেন, ওই মৌসুম শেষেই তিনি অবসর নিচ্ছেন। ম্যানচেস্টার ইউনাইটেড তার আগেই প্রিমিয়ার লিগ নিশ্চিত করে ফেলেছে। ইউনাইটেডে উত্তরসূরি ডেভিড ময়েসের এক বছরের অধ্যায়টা কেটেছে দুঃস্বপ্নের মতো, দায়িত্ব নিয়েছেন লুই ফন গাল। তবে ‘কামব্যাক ফার্গি’ লেখা ব্যানার ওল্ড ট্রাফোর্ড থেকে অপসৃত হয়নি। অবসরের ঘোষণা দেওয়ার সময় ফার্গুসনের বয়স হয়ে গিয়েছিল ৭১, অনুমিতভাবে বয়সটাই কারণ হওয়ার কথা। তবে পরশু টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ফার্গি বললেন, স্ত্রী ক্যাথির বোনের মৃত্যুর জন্যই ডাগ-আউট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
ফার্গি-ক্যাথি গাঁটছড়া বাঁধেন সেই ১৯৬৬ সালে। এরপর সুখে-দুঃখে, আনন্দ-সন্তাপে সব সময় দুজন ছিলেন একসঙ্গে। ফুটবল কোচের ব্যস্ত জীবনে স্ত্রীকে সেভাবে সময় দেওয়া অসম্ভব। ২০০২ সালে এসব ভেবে অবসরের সিদ্ধান্ত ফার্গুসন প্রায় নিয়েই ফেলেছিলেন। তখন ক্যাথিই তাঁকে বুঝিয়ে-সুঝিয়ে নিরস্ত করেন। স্বামীকে তো সব সময় পেতেন না, সন্তানেরাও ব্যস্ত যে যার মতো। ক্যাথির নিস্তরঙ্গ জীবনে কথা বলার মতো মানুষ ছিলেন যমজ বোন ব্রিজেট। ২০১২ সালের অক্টোবরে সেই ব্রিজেটও চলে যান পৃথিবী ছেড়ে।
এরপরের কাহিনিটা ফার্গুসনের জবানিতেই শুনুন, ‘একদিন বাসায় ফেরার পর দেখলাম, সে (ক্যাথি) শূন্যদৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারলাম সে খুবই একা হয়ে পড়েছে। সে আর ব্রিজেট ছিল যমজ বোন। এর আগে সে একবার আমার অবসরের সিদ্ধান্তটা বদলাতে পেরেছিল। কিন্তু এবার আমি যখন বললাম আমি অবসর নিতে যাচ্ছি, সে আর কিছু বলল না। আমি জানতাম সে আমার সঙ্গ চাইছিল।’
তবে স্ত্রীকে আগের চেয়ে বেশি সঙ্গ দিলেও বাকি সময়টা নিছক বসে থাকেননি। ৭০ বছর পর্যন্ত দোর্দণ্ড প্রতাপে ইউনাইটেডের মতো ক্লাবকে যিনি সামলেছেন, অলস সময় কাটানো তাঁর পক্ষে অসম্ভব। ফার্গুসন সেটাই মনে করিয়ে দিলেন, ‘আমি কখনোই চাইনি, অবসরের পর আমি একজন অথর্ব বুড়ো হয়ে থাকব। আমার বাবা ৬৫ বছর বয়সে বন্দরের কাজ ছেড়েছিলেন, আসলে ছেড়ে দিতে হয়েছিল। আমার সামনে বেশ কয়েকটি চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে হার্ভার্ড বিজনেস স্কুলে খণ্ডকালীন শিক্ষকতা। এরপর ইউনাইটেডে একজন পরিচালক আর শুভেচ্ছাদূত, উয়েফা, ইউনিসেফের হয়ে দায়িত্ব, আমি খুব একটা বসে থাকিনি।’ টেলিগ্রাফ।