পার্থক্যটা পরিষ্কার বুফনের কাছে

অনেক বড় স্বপ্ন নিয়েই কার্ডিফের মাঠে নেমেছিলেন জিয়ানলুইজি বুফন। চ্যাম্পিয়নস লিগের শিরোপা পেতে কেমন লাগে, সেই স্বাদটা নেবেন। কিন্তু বিধি বাম। বিশ্বকাপের শিরোপা তাঁকে ফাঁকি না দিলেও চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা তাঁকে হতাশই করল। তৃতীয়বারের মতো বুফন বঞ্চিত ইউরোপ-সেরার গৌরব থেকে। ব্যাপারটা তাঁকে হতাশাগ্রস্ত করলেও রিয়াল মাদ্রিদের সঙ্গে জুভেন্টাসের পার্থক্যটা তিনি বুঝতে পেরেছেন ভালোভাবেই। এর আগে ২০০৩ ও ২০১৫ সালে দুবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেও শিরোপা জিততে পারেননি এই ইতালীয় গোলকিপার।
চ্যাম্পিয়নস লিগের মতো শিরোপা জিততে যে মনোভাবটা দরকার, সেটার অভাব তিনি নিজ দলের মধ্যে দেখতে পেয়েছেন। আর সেটার পরিপূর্ণ প্রকাশ দেখেছেন প্রতিপক্ষ রিয়ালের খেলোয়াড়দের মধ্যে। ম্যাচ শেষে সেটারই ব্যাখ্যা দিয়েছেন তিনি, ‘এমন ম্যাচ জিততে যে ধরনের মনোভাব দরকার, যে মান দরকার, সেটা দেখিয়েই ম্যাচটা জিতেছে রিয়াল। জয়টা রিয়ালের মতো দলের প্রাপ্যই।’
প্রথমার্ধটা দারুণ খেললেও দ্বিতীয়ার্ধে জুভেন্টাস কেন এত বাজে খেলল, সেটা জানেন না বুফন। ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছেন না ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ গোলকিপার, ‘আমরা প্রথমার্ধে খুব ভালো খেলেছি। ভেবেছিলাম ম্যাচটা জিততে এমন খেলাই যথেষ্ট। কিন্তু দ্বিতীয়ার্ধে খুব বাজে খেললাম। কেন, কীভাবে এত বাজে খেললাম, সেটা আমাকে জিজ্ঞেস করবেন না, আমি বলতে পারব না!’ সূত্র : রয়টার্স