পাললিক চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১১ ম্যাচ জেতার পর শেষ ম্যাচে হেরেছে পাললিক গ্রুপ। তবে হেরেও প্রিমিয়ার ডিভিশনে প্রথম চ্যাম্পিয়ন হয়েছে তারাই। রানার্সআপ ঢাকা মেরিনার্স ক্লাব।
কাল সুপার লিগের শেষ ম্যাচে মেরিনার্স পাললিককে ৩-২ সেটে হারালে দুদলের পয়েন্ট সমান হয়ে যায়। কিন্তু মুখোমুখি খেলায় এক সেট বেশি জেতায় চ্যাম্পিয়ন হয়েছে পাললিক। প্রথম পর্বে পাললিক ৩-১ সেটে হারিয়েছিল মেরিনার্সকে। পাললিক গ্রুপের বড় ভরসা মাহবুব বিল্লাহ সুপার লিগে খেলতেই পারেননি। অসুস্থ বাবা তারিক বিল্লাহকে দেখতে গত সপ্তাহে তিনি যশোরে চলে গেছেন। ৮৫ বছর বয়সে কাল পৃথিবী ছেড়ে চলে গেছেন তাঁর বাবা। কাল তারিক বিল্লাহর স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হলো।
পাললিকের খেলোয়াড় জাতীয় চ্যাম্পিয়ন মানস চৌধুরী শিরোপা জয়ের পর বললেন, ‘আমরা অপরাজিত চ্যাম্পিয়নই হতে চেয়েছিলাম। কিন্তু মাহবুব না থাকায় তা হলো না।’ দলের অন্য দুই খেলোয়াড় চেন্নাইয়ের নিতিন থিরুভেঙ্গাদাম ও বাংলাদেশের মনির হোসেন।
টাইব্রেকিংয়ে তৃতীয় হয়েছে অরুণিমা, গত ছয়বারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়াচক্রকে এবার চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন আবাহনী, রানার্সআপ জাহাঙ্গীর বিল্ডার্স টিটি ক্লাব।
প্রথম বিভাগ টিটি লিগে চ্যাম্পিয়ন হয়েছে বয়েজ ক্লাব, রানার্সআপ নবীন মেলা।