পাল্টা আক্রমণ প্লাতিনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেব্রুয়ারির ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, সেটা কালই চূড়ান্তভাবে জানা যাবে। তবে মিশেল প্লাতিনি এর মধ্যেই বোধ হয় নিশ্চিত হয়ে গেছেন, তাঁর প্রার্থী হওয়া হচ্ছে না। নিজের আইনজীবীদের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্লাতিনি তোপই দেগেছেন ফিফার নৈতিকতা কমিটির দিকে।
ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের সঙ্গে একটা আর্থিক লেনদেন নিয়ে দুর্নীতির অভিযোগ এসেছিল প্লাতিনির ওপর। এখন মাথার ওপর ঝুলছে নৈতিকতা কমিটির ৯০ দিনের নিষেধাজ্ঞা। সর্বোচ্চ ক্রীড়া আদালতের কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন। এখন শুধু কমিটির চূড়ান্ত রায়ের অপেক্ষা। পরশু সেটার শুনানিতেও হাজির ছিলেন না উয়েফার নিষিদ্ধ সভাপতি। পরে রীতিমতো ধুয়েই দিয়েছেন কমিটিকে, ‘আমার বিচার তো এর মধ্যেই হয়ে গেছে, এর মধ্যেই আমাকে দোষী বানিয়ে দেওয়া হয়েছে। ফিফার কমিটির ওপর এখন আমার আর কোনো আস্থা নেই। তারা খুবই নগ্নভাবে নিজেদের পক্ষপাত, অন্ধ সংস্কার ও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি অসম্মান প্রকাশ করেছে।’ পুরো ব্যাপারটায় যে তিনি নির্দোষ, সেই দাবিরও পুনরাবৃত্তি করেছেন, ‘আমি সব অবস্থাতেই আত্মপক্ষ সমর্থন করে যাব।’ শোনা যাচ্ছে, নৈতিকতা কমিটি আজীবন নিষিদ্ধ করার সুপারিশ করেছে প্লাতিনিকে। এএফপি।