নতুন মৌসুমে দলের পরিকল্পনায় সে নেই—এমন একটা বার্তা আগেই আকারে-ইঙ্গিতে ডিয়েগো কস্তাকে দিয়েছিলেন চেলসি কোচ আন্তোনিও কন্তে। পূর্বপরিকল্পনা অনুযায়ীই দলের প্রাক-মৌসুম প্রস্তুতিতে দলে রাখা হয়নি কস্তাকে। পরে এক খুদে বার্তা পাঠিয়ে কন্তে খোলাখুলিই জানিয়ে দিয়েছিলেন ব্যাপারটি। এ নিয়ে ভীষণ ক্ষুব্ধ কস্তার প্রতিনিধি রিকার্ডো কারদোসো। কদিন আগে জানিয়েছিলেন, স্টামফোর্ড ব্রিজে কস্তার টিকে থাকাটাকে ‘অসম্ভব’ করে তুলেছেন কোচ। এক খুদে বার্তা পাঠিয়েই কস্তাকে ‘দল থেকে নাই’ করে দেওয়ার জন্যও কোচের সমালোচনা করেছিলেন। এর জের ধরেই মুখ খুললেন কন্তে। ক্রেতা পাওয়া সাপেক্ষে গ্রীষ্মকালীন দলবদলে তাঁকে বিক্রির কথা নাকি আগেই জানিয়ে দিয়েছিলেন। তাই তাঁর এসএমএস অন্যের কাছে কঠিন মনে হলেও কন্তে বলছেন, ‘আমার কাছে ব্যাপারটা খুব সহজ। আগে তাকে যা বলেছি, তারই পুনরাবৃত্তি করেছি আমি।’ ইয়াহু নিউজ।