পাশে থাকবে পৃষ্ঠপোষকেরা
বাফুফে ভবনে সংবাদ সম্মেলনকক্ষটা যেন হয়ে উঠল পৃষ্ঠপোষকদের সম্মিলনী। যশোরে বঙ্গবন্ধু কাপ শুরুর ২৪ ঘণ্টা আগে কাল ঢাকায় টুর্নামেন্টের পৃষ্ঠপোষকদের একই মঞ্চে আনল বাফুফে।
মূলত বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল এই আয়োজন। কোন প্রতিষ্ঠান কত টাকা দিচ্ছে, তা জানানো হয়নি। সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ না দিয়েই সংবাদ সম্মেলন শেষ করেন বাফুফের কর্মকর্তারা। তাই পৃষ্ঠপোষকদের পরিচয় করিয়ে দেওয়া ছাড়া এই অনুষ্ঠানের অন্য কোনো উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়নি। তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বারবার কৃতজ্ঞতা জানিয়েছেন পৃষ্ঠপোষকদের।
এর মধ্যেই ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষে নুরুল ফজল বুলবুল ২ কোটি টাকার চেক তুলে দেন বাফুফে সভাপতির হাতে। এই টাকা অবশ্য নির্দিষ্ট করে বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য নয়। ফুটবল উন্নয়নে বাফুফেকে ১৪ কোটি টাকার দেওয়ার কথা ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের, আগে দেওয়া ৮ কোটি টাকার সঙ্গে কাল যোগ হলো এই ২ কোটি। এ ছাড়া লোটোর পক্ষ থেকে কাল জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দলের জন্য জার্সিও তুলে দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিনিধি।
বক্তব্য পর্বটা হলো বেশ আকর্ষণীয়। পৃষ্ঠপোষকদের পক্ষে সবাই অভিন্নকণ্ঠে বঙ্গবন্ধু কাপ ও ফুটবলের উন্নয়নে বাফুফের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বাফুফেকে দিয়েছেন আরও বড় প্রতিশ্রুতি, ‘আগামী বছরের বঙ্গবন্ধু কাপ বা তার পরের বছরের, এমনকি ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এই টুর্নামেন্ট কীভাবে আরও আকর্ষণীয় করা যায় এখনই পরিকল্পনা নিন। টাকা কোনো সমস্যা হবে না। আমরা জোগাড় করে দেব।’ গত বঙ্গবন্ধু গোল্ড কাপের পরের এক বছরে বাফুফে আর যোগাযোগ করেনি তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে, এটা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন এ কে আজাদ।
অনুষ্ঠানে মাইক্রোফোন ছিল মাত্র একটি, সেটি নিয়ে টানাটানি করে বক্তব্য দিয়েছেন সবাই। বক্তব্য রাখেন চ্যানেল নাইন, এবি ব্যাংক, ইউএস বাংলা এয়ারলাইনস, ইফাদ মাল্টি প্রোডাক্টস, মাম, আমরা নেটওয়ার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা।