পাসের রাজা ইনিয়েস্তা
দুই ম্যাচে কোনো গোল নেই, গোলে সহায়তা মাত্র একবার। ভালো কোনো প্লে-মেকারের পরিসংখ্যান বলে তো মনে হচ্ছে না! এখানেই ভুল, স্পেনের খেলা দেখলেই বোঝা যায়, যতই গোলদাতার নাম মোরাতা কিংবা নলিতো হোক না কেন, স্পেনের সেরা খেলোয়াড়ের নাম আন্দ্রেস ইনিয়েস্তা।
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রথম ম্যাচে স্পেনের একমাত্র গোলটি করেছিলেন জেরার্ড পিকে। মহামূল্যবান সেই গোল বানিয়ে দিয়েছিলেন ইনিয়েস্তা। কিন্তু তুরস্কের বিপক্ষে গোলও করেননি, করাতেও পারেননি ইনিয়েস্তা। এই ম্যাচে তিনটি গোল করেছে স্পেন। দুটি করেছেন মোরাতা, অন্যটি নলিতো। একটি করে গোল করিয়েছেন জর্ডি আলবা ও নলিতো।
তাহলে ইনিয়েস্তা করলেন কী? এখানেই লুকিয়ে আছে ইনিয়েস্তার মূল শক্তি। একজন ‘মায়েস্ত্রো’ হয়ে আড়ালে থেকেই কাজ আদায় করে নেন তিনি। দুই ম্যাচে ইনিয়েস্তা ১৯২টি পাস দেওয়ার চেষ্টা করেছেন, এর মধ্যে ১৭৮টিই সঠিক গন্তব্যে পৌঁছেছে। অর্থাৎ ৯৩ শতাংশ পাসই ছিল সঠিক। সফল পাসগুলোর ৮৬টিই ছিল প্রতিপক্ষের পেনাল্টির সীমানার আশপাশে। তবে সরাসরি স্ট্রাইকারদের পাস না দিয়ে প্রতিপক্ষকে ধাঁধায় ফেলে খেলা সাজিয়ে নেওয়াই ইনিয়েস্তার খেলার মূল বৈশিষ্ট্য। তাঁর অধিকাংশ পাসের শেষ প্রান্তে থাকেন আলবা। সরাসরি গোলে সহায়তা তাই করা হয় না ইনিয়েস্তার।
মজার বিষয়, ইনিয়েস্তাকে সবচেয়ে বেশি পাস দিয়েছেন আরেকজন ডিফেন্ডারই—সার্জিও রামোস, ৩৯টি। তাঁর বাড়িয়ে দেওয়া বল নিয়েই মধ্যমাঠ নিয়ন্ত্রণ করেন ইনিয়েস্তা, তৈরি করে দেন স্পেনের খেলা। সে জন্যই কোনো গোল না করেও দুই ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইনিয়েস্তা। কাল ক্রোয়েশিয়ার মূল দুশ্চিন্তাও তাই তাঁকে নিয়েই। মার্কা।