পায়েত ছড়ালেন ফরাসি সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনী ম্যাচেই পয়েন্ট খোয়াতে বসা ফ্রান্সকে স্বস্তি এনে দিল শেষ মুহূর্তে দিমিত্রি পায়েতের দুর্দান্ত এক গোল। জয় এনে দেওয়া পায়েতকে ঘিরে সতীর্থ জিরু ও এভরার উল্লাস l এএফপি
উদ্বোধনী ম্যাচেই পয়েন্ট খোয়াতে বসা ফ্রান্সকে স্বস্তি এনে দিল শেষ মুহূর্তে দিমিত্রি পায়েতের দুর্দান্ত এক গোল। জয় এনে দেওয়া পায়েতকে ঘিরে সতীর্থ জিরু ও এভরার উল্লাস l এএফপি

প্রায় দুই বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরা। সেটিও ইউরোতে, যে প্রতিযোগিতার সর্বশেষ দুই আসরে দলটির জয় মাত্র একটি। উদ্বোধনী ম্যাচটি তাই সহজ ছিল না ফ্রান্সের জন্য। কিন্তু জাদুর কাঠি নিয়ে এলেন দিমিত্রি পায়েত। আর সে জাদুর ছোঁয়ায় জয় দিয়েই শুরু হলো স্বাগতিকদের ইউরো মিশন।
পরশু সেন্ট ডেনিসে রোমানিয়ার বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত উৎকণ্ঠায় ছিল ফ্রান্স। পায়েতের শেষ মুহূর্তের গোলে দূর হয় সে উৎকণ্ঠা। ম্যাচ শেষে এনগোলো কান্তের কণ্ঠে তাই স্বস্তি, ‘এটি একটি প্রতিযোগিতা, কোনো প্রীতি ম্যাচ নয়। রোমানিয়ার মতো দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলা সহজ না। জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা পেয়েছি। খেলার শুরুতে ওরা কিছু সুযোগ পেয়েছিল কিন্তু আমরাই জিতেছি।’
এরপরই ম্যাচের নায়কের প্রশংসায় মাতলেন কান্তে, ‘দিমিত্রি একটা দারুণ মৌসুম কাটিয়েছে। সে গোল করেছে, করিয়েছে; আশা করি এটা চালিয়ে যাবে সে।’
পরশুর ম্যাচের গল্প মানেই তো পায়েতের প্রশস্তিগাথা। ৫৬ মিনিটে পায়েতের ক্রস থেকেই ম্যাচের প্রথম গোল করেন অলিভিয়ের জিরু। ৮৯ মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত বাঁকানো শটে দলের জয়ও নিশ্চিত করেছেন তিনি। লেফটব্যাক প্যাট্রিক এভরার কণ্ঠেও পায়েত-স্তুতি, ‘এটাই আসল দিমিত্রি (পায়েত), যাকে আমরা ভালোবাসি। সে জানে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ও। তার সেরাটা দেওয়ার চেষ্টা করেছে সে।’
সাবেক ফ্রেঞ্চ স্ট্রাইকার থিয়েরি অঁরির মুখেও পায়েতের প্রশংসা, ‘শুধু একজন দল জেতাতে পারে না কিন্তু ওই গোল! সেটি ছিল অসাধারণ। শুধু খেলা বা স্কিলেই না, তার মনোভাবেও তা বোঝা গেছে। পুরো সময় দলকে টেনেছে সে-ই।’
তবে অঁরির মতে পায়েতের এমন পারফরম্যান্সের পেছনে কাজ করেছে গত বিশ্বকাপের হতাশা। বাছাইপর্বের প্রতিটি ম্যাচ খেলেও শেষ পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি পায়েত। সেই ক্ষোভই নাকি প্রকাশ পেয়েছে পায়েতের পারফরম্যান্সে, ‘এমন একজনকে দেখছেন যে দেশের হয়ে খেলতে চায়। এমন একজন যে বলছে, “আমাকে বিশ্বকাপে নেওয়া হয়নি, আমি দেখিয়ে দেব তোমরা কী হারিয়েছিলে তখন। দেখিয়ে দিলাম, প্রতিভার পরিচয় দিতে প্রিমিয়ার লিগে যেতে হয়েছে আমাকে।” আজ (পরশু) সে এটাই বোঝাতে চেয়েছে।’ গোলডটকম।