পায়েতকে কি ক্ষমা করেছেন রোনালদোর মা?

বেচারা দিমিত্রি পায়েত! ইচ্ছা করে ফাউল না করেও শুনতে হচ্ছে সমালোচনা। ফ্রেঞ্চ মিডফিল্ডারের ট্যাকলেই পরশু চোট পেয়ে চোখের জলে মাঠ ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল অধিনায়কের মা দলোরেস সে জন্য কাঠগড়ায় তুলেছেন পায়েতকে।
পরশু ইউরোর ফাইনালে ৮ মিনিটে পায়েতের ট্যাকলে চোট পেয়েছিলেন রোনালদো। পরে চেষ্টা করেও আর খেলতে পারেননি, ২৪ মিনিটে উঠে গেছেন মাঠ থেকে। ছেলের কান্নাভেজা মুখটা দেখে মা দলোরেস নিজেকে সামলাতে পারেননি। টুইটারে সেই ক্ষোভ উগড়ে দিয়েছেন, ‘এভাবে আমি ছেলেকে দেখতে চাইনি। খেলাটা বলে লাথি মারার, প্রতিপক্ষকে আহত করার নয়।’
দলোরেস যখন টুইট করেছেন, তখনো ম্যাচ শেষ হয়নি। দলের জয় নিয়ে তখনো আশাবাদী ছিলেন দলোরেস, ‘আমার ছেলে নেই, কিন্তু এই দলের ওপর আমার আস্থা আছে। আমি বিশ্বাস করি, ওরা কাপ নিয়ে আসতে পারবে।’ দলোরেসের চাওয়াই সত্যি হয়েছে, আনন্দাশ্রু নিয়েই রোনালদো পরে ট্রফিতে চুমু খেতে পেরেছেন।
পায়েত অবশ্য ওই ঘটনার পর স্পষ্ট করেই বলেছেন, ট্যাকলটা কোনোভাবেই উদ্দেশ্যপ্রণোদিত ছিল না। রোনালদোর মা এখন হয়তো পায়েতকে ক্ষমা করে দিয়েছেন!