পিএসজি এখন কী করবে?

ক্রীড়া পরিচালক লিওনার্দোর সঙ্গে পরের মৌসুমের পরিকল্পনা করতে হবে খেলাইফিকে।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে ফ্রান্স ফুটবলের চেহারা বদলে গেল হঠাৎ। কাতার রাজপরিবারের একটি বিশেষ প্রকল্প কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট নামে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মালিকানার নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে নেয়। রাষ্ট্রীয় অর্থায়নে হঠাৎ শক্তিশালী হওয়া প্রথম ক্লাব না হলেও, পিএসজির এভাবে বদলে যাওয়া ইউরোপিয়ান ফুটবলের চিত্রটাও বদলে দিয়েছে। যেটার সম্ভাব্য সেরা ফল কাল রাতে পিএসজি এস্তাদিও দা লুজে প্রায় তুলেই নিয়েছিল।

ফুটবলে ঐতিহ্য ও নতুন শক্তির লড়াই হয়েছিল কাল। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের একদিকে ফুটবল ঐতিহ্যে ঋদ্ধ বায়ার্ন মিউনিখ। অন্যপ্রান্তে ইউরোপে দাগ কাটার জন্য প্রাণপণ লড়ে যাওয়া পিএসজি। একদিকে অর্থের ঝনঝনানিতে বনেদি দলগুলোকে শঙ্কায় ফেলে দেওয়া পিএসজি, অন্যদিকে মূল একাদশ গড়তে ১০ কোটি ইউরোও খরচ না করা বায়ার্ন। সে লড়াইয়ে পিএসজি জয়ী হলেই  স্বীকার করে নিতে হতো ফুটবলে এখন অর্থই সবকিছু।

প্রেসিং ফুটবল আর দলীয় ঐক্য দিয়ে তা হতে দেয়নি বায়ার্ন। ওদিকে বিশ্বের সবচেয়ে ভয়ংকর ও খরচে আক্রমণভাগ নিয়েও পিএসজি একের পর এক সুযোগ হাতছাড়া করে বুঝিয়ে দিয়েছে বড় উপলক্ষে চাপ নেওয়ার ক্ষমতা এখনো অর্জন করা হয়নি তাদের। যে চ্যাম্পিয়নস লিগকে পাখির চোখ বানিয়ে এক দলবদলেই নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে টানতে ৪০ কোটি খরচ করেছে, সেই চ্যাম্পিয়নস লিগ হাত গলে বেড়িয়ে গেল আবার। তাই প্রশ্ন উঠছে, এবার কোন পথে এগোবে পিএসজি?

আরও পড়ুন

নতুন মালিক দলের দায়িত্ব পাওয়ার পর বেশ গুছিয়েই কাজ করছিল। নিজেদের একাডেমিটা গুছিয়ে নিয়ে ফ্রান্সের তরুণ প্রতিভাদের নিয়ে এসেছিল। ওদিকে জ্লাতান ইব্রাহিমোভিচ, থিয়াগো সিলভা ও ডেভিড বেকহামের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের এনে ভিত্তি গড়তে শুরু করেছিল। সঙ্গে মার্কো ভেরাত্তি, হাভিয়ের পাস্তোরে, আদ্রিয়ান রাবিওত ও লুকাস মৌরাদের টেনে এনেছিল। ক্লাবের একাডেমিতে ছিলেন কিংসলে কোমান, আরিওলারা। এদের সামলানোর জন্য দারুণ এক কোচও মিলেছিল—কার্লো আনচেলত্তি।

নেইমারকে সান্ত্বনা দিচ্ছেন খেলাইফি।
ছবি: রয়টার্স

২০১৩ সালে আনচেলত্তিকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর জন্য টেনে নিয়ে গেল রিয়াল মাদ্রিদ। পিএসজির দায়িত্ব এল ফ্রেঞ্চ কিংবদন্তি লঁরা ব্লার কাঁধে। দলে এডিনসন কাভানির মতো অস্ত্রও এল। মাঝমাঠ, আক্রমণ ও রক্ষণ-মাঠের সবদিকেই নজর দিয়েই ক্লাব গোছানো চলছি। কাভানির সঙ্গে প্রতিশ্রুতিশীল মারকিনিওস যোগ দিলেন। কিছুদিন পর ডেভিস লুইজ, অ্যাঙ্গেল ডি মারিয়ারাও এলেন। ড্রেক্সলার, হাতেম বেন আরফা, টমাস মুনিয়ে, গন্সালো গেদেস, হেসে রদ্রিগেজদের নিয়ে ভবিষ্যতের জন্য দারুণ এক দলই গড়ছিল পিএসজি।

এক দলবদলেই ২২২ মিলিয়ন ইউরোতে নেইমার এলেন, ১৮০ মিলিয়ন ইউরোতে এলেন এমবাপ্পে।

এর মাঝেই হলো সেই বিখ্যাত ম্যাচ। ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি দলীয় ফুটবলের দারুণ প্রদর্শনীতে বার্সেলোনাকে ৪-০ গোলে উড়িয়ে দিল পিএসজি। ক্লাবটির চ্যাম্পিয়নস লিগ জয়ের আশা সেদিন আকাশ ছুঁয়েছিল। তিন সপ্তাহের মধ্যে সেটা আবার পাতালে নামল। ৮ মার্চ ক্যাম্প ন্যুতে অবিশ্বাস্য এক ৬-১ গোলের হার পুড়িয়ে ছারখার করে দিল দলটিকে। সেদিন বার্সেলোনার হয়ে নেইমার যে পারফরম্যান্স আর নেতৃত্ব দেখিয়েছিলেন, তেমনটা ক্যারিয়ারে খুব একটা দেখাতে পারেনি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এমন এক হার কাতারের মালিকানাধীন ক্লাবের অহংবোধে লেগেছিল। একদিকে লিগে মোনাকোর কাছে শিরোপা খোয়া গেছে, ওদিকে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ৪-০ গোলে এগিয়ে যাওয়ার পরও হেরে যাওয়ার রেকর্ড! পরের দলবদলে তাই বিশ্ব ফুটবল দেখল অভাবনীয় এক দৃশ্য। এক দলবদলেই ২২২ মিলিয়ন ইউরোতে নেইমার এলেন, ১৮০ মিলিয়ন ইউরোতে এলেন এমবাপ্পে। এমনকি চ্যাম্পিয়নস লিগ জেতার অভিজ্ঞতা শেখানোর জন্য ম্যানচেস্টার সিটিকে টপকে দানি আলভেজকেও টেনে আনা হলো।

ক্লাবের প্রকল্পটাও বদলে গেল। এক সময় মাঠের সবদিকেই নজর ছিল পিএসজির। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ গুছিয়ে দল সাজানোর চিন্তাটা হঠাৎ করেই তারকা-নির্ভরতায় রূপ নিল। দলবদলের বাজার থেকে শুধু আক্রমণাত্মক খেলোয়াড়ই খুঁজতে লাগল দলটি। এক সময় যে দলে ইউরোপের যেকোনো দলের সঙ্গে পাল্লা দেওয়ার মতো ভূরি ভূরি মিডফিল্ডার পাওয়া যেত, সে দলেই কিনা সেন্টারব্যাক মার্কিনিওস মাঝমাঠের খেলোয়াড় হয়ে গেলেন। ক্লাবের একাডেমির প্রতিশ্রুতিশীল খেলোয়াড়েরা জায়গা না পেয়ে ক্লাব ছাড়তে লাগলেন। এমনই একজন ফাইনালের প্রতিপক্ষ কিংসলে কোমান। সেমিফাইনালের প্রতিপক্ষ লাইপজিগের ক্রিস্টোফার এনকুনকুও পিএসজির তারকা ক্রয় প্রকল্পের বলি হয়ে ক্লাব ছেড়েছেন। মুসা দিয়াবির মতো প্রতিশ্রুতিশীলরা ক্লাব ছেড়েছেন। যোগ দিয়েছেন ২৭ ও ২৮ বছর বয়সী মাউরো ইকার্দি ও পাবলো সারাবিয়া। ওই যে তরুণদের ওপর আর আস্থা রাখতে পারছিল না দল।

আবারও চ্যাম্পিয়নস লিগ হতাশা উপহার দিল পিএসজিকে।
ছবি: রয়টার্স

এই সর্বনাশা প্রকল্পের ফলটা অমৃত হয়ে ধরা দিতে চেয়েছিল পিএসজির কাছে। দুই লেগের খেলা না থাকায় আর প্রতিপক্ষের মাঠে না খেলার দারুণ এক সুবিধা পেয়েছিল পিএসজি। যে ঐতিহ্যের কারণে এগিয়ে থাকে রিয়াল, বার্সেলোনা বা বায়ার্নের মতো ক্লাবগুলো, তাদের সবচেয়ে শক্তির জায়গাটা দর্শক, স্টেডিয়াম ও আবহ কেড়ে নিয়েছে এই করোনাই। এবার তাই সেরা সুযোগ ছিল পিএসজির। এক লেগের খেলা, আবার কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে ইউরোপের নতুন দুই মুখ আটালান্টা, লাইপজিগ; অনায়াসে ফাইনালে ওঠার পথ সৃষ্টি হয়েছিল পিএসজির। সেটা কাজেও লাগিয়েছে তারা। কিন্তু ফাইনালে যখন আবার কোনো ধারে-ভারে ঐতিহ্যবাহী কোনো ক্লাবের মুখোমুখি হলো, নিজেদের পুরোনো রূপেই ফিরে গেল পিএসজি। পুরো মৌসুম দাপট দেখানো এমবাপ্পে সহজতম গোলও করতে পারেননি। নেইমার ডি-বক্সের ধারে কাছে যাওয়ার আগেই আটকা পড়ছিলেন বারবার। আর ড্রিবলিং ক্ষমতা দেখিয়ে সেমিফাইনালের সব আলো নেইমারের কাছ থেকে কেড়ে নেওয়া ডি মারিয়া তো কাল প্রায় অদৃশ্যই ছিলেন।

দল সাজিয়ে বিন্দু থেকে সাম্রাজ্য সৃষ্টির প্রকল্প বাদ দিয়ে তারকা দিয়ে সাময়িক সাফল্য পাওয়ার ফর্মুলা বেছে নিয়েছিল পিএসজি। কিন্তু তিন বছরের মাথায় এসেও সাফল্যের মুখ দেখল না পিএসজি। আবারও চেষ্টা করার স্বপ্নের কথা জানিয়েছেন ক্লাব সভাপতি নাসের আল-খেলাইফি। সামনে আরেকটা দলবদলের মৌসুমও আসছে। কিন্তু এবার কোন পথে এগোবে দলটি? ফাঁকফোকর বের করে সে অভাব পূরণ নাকি আরও কিছু মহাতারকা এনে দল ভারী করবে?

এবারের দলবদলে রোনালদো ও মেসি দুজনই বর্তমান ক্লাব ছাড়তে পারেন। খেলাইফি চেক বইটা কি পকেট থেকে বের করতে যাচ্ছেন আবার?