পিএসজি ছাড়ছেন ইব্রা
৩০ জুন প্যারিস সেন্ট-জার্মেইয়ের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে। ইব্রাহিমোভিচ সেটি নবায়ন করবেন কি না গত কয়েক মাসে তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। নিজেই সেটির সমাপ্তি টেনে দিলেন সুইডিশ ফরোয়ার্ড। বললেন, আর থাকছেন না। পায়ে ব্যথা থাকায় মাঠে নামা নিয়ে সংশয় আছে, তবে লিগে আজ নতেঁর সঙ্গে ম্যাচটিই হবে ঘরের মাঠে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের জার্সিতে ৩৪ বছর বয়সী সুইডিশের শেষ ম্যাচ।
এখন বিদায় জানালেও ভবিষ্যতে তাঁকে অন্য কোনো ভূমিকায় ফিরিয়ে আনতে চায় পিএসজি। তবে আপাতত বিদায়ের ঘোষণাটা কাল টুইটারে নিজস্ব ঢঙেই জানিয়েছেন ইব্রা, ‘পার্ক দো প্রিন্সেসে কাল (আজ) আমার শেষ ম্যাচ। রাজার মতো এসেছিলাম, কিংবদন্তির মতো বিদায় নিচ্ছি।’
অবশ্য এখনো আরেকটি ম্যাচ খেলবেন তিনি পিএসজির হয়ে, ২১ মে ফ্রেঞ্চ কাপের ফাইনাল। জিতলে সেটি হবে পিএসজিতে তাঁর নবম বড় শিরোপা। ২০১২ সালে ফ্রেঞ্চ ক্লাবে আসার পর চার মৌসুমই জিতেছেন লিগ শিরোপা, সঙ্গে তিনটি লিগ কাপ ও একটি ফ্রেঞ্চ কাপ তো আছেই। সাফল্যের বিচারে কিংবদন্তির মতোই তো বিদায় নিচ্ছেন ইব্রা। এএফপি।