প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশ কিছুদিন ধরে হাঁটুর চোটে ভুগছেন লিওনেল মেসি। ফরাসি লিগে পিএসজির হয়ে সর্বশেষ দুটি ম্যাচে মাঠে নামতে পারেননি সে কারণে। তবে আজ রাতে প্যারিসে চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে কিছুটা সময়ের জন্য হলেও তাঁর মাঠে নামার সম্ভাবনা আছে। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে রেখেই সিটির বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো।
এর মানে পুরোনো কোচ পেপ গার্দিওলার সঙ্গে আরও একবার প্রতিপক্ষ হিসেবে দেখা হতে পারে মেসির। গার্দিওলা অবশ্য আগেই বলে রেখেছেন, মেসিকে ঠেকানোর কোনো বিশেষ উপায় জানা নেই তাঁর। তবে সেটাও কৌশলের অংশ হতেই পারে। প্রতিপক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে কিছু না কিছু ছক তো অবশ্যই কেটেছেন ম্যান সিটি কোচ।