পিএসজি বাদ পড়ায় খুশি পিএসজিরই কর্মীরা

আবারও চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে পিএসজিছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২১ সালে ফুটবল দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন রোমাইন মলিনা। ফরাসি ও আফ্রিকান খেলোয়াড় ও ক্লাবগুলোর অনৈতিক কর্মকাণ্ড নিয়ে নভেম্বরে মুখ খুলেছিলেন এই সাংবাদিক। স্পেনের আন্দালুসিয়ায় থিতু হওয়া এই সাংবাদিক বিবিসি, নিউইয়র্ক টাইমস, গার্ডিয়ান, সিএনএন, লো তমের হয়ে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন। ফ্রান্সের ক্রীড়াঙ্গনে মলিনাকে অন্যতম নির্ভরযোগ্য অনুসন্ধানী সাংবাদিক মানা হয়।

বিভিন্ন ফুটবলারের যৌন কেলেঙ্কারি, পিএসজির সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনের সম্পর্ক, ফ্রান্সের একাধিক ক্লাব ও আফ্রিকার একাধিক ফুটবল সংগঠকের শিশুদের সঙ্গে যৌন সম্পর্কে জড়িত থাকা, সন্ত্রাসবাসী সংগঠন আল-কায়েদার ফুটবল ব্যবহার করে নতুন সদস্য নিয়োগ—মলিনার তদন্তে উঠে আসা অভিযোগের একটির চেয়ে অন্যটি যেন আরও ভয়ংকর।

এর আগে ২০১৮ সালে হাইতির ফুটবল ফেডারেশনের তৎকালীন সভাপতি ইভস জঁ-বার্টের বিরুদ্ধে শিশুকামিতা ও ধর্ষণের অভিযোগ তুলেছিলেন মলিনা। এ কারণে ফিফার নৈতিকতা কমিটি ৯০ দিনের জন্য বহিষ্কার করে জঁ-বার্টকে। সেই মলিনা আরেকটি চমকপ্রদ খবর দিয়েছেন কাল। এই সাংবাদিক তাঁর ইউটিউব চ্যানেলে দাবি করেছেন, পরশু চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে পিএসজি হেরে যাওয়ায় ফরাসি ক্লাবটিরই অধিকাংশ কর্মচারী আনন্দিত!

খেলাইফি (বাঁয়ে) ও লিওনার্দোর (মাঝে) বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নিয়েছে উয়েফা
ছবি: এএফপি

পরশু রাতে রিয়ালের মাঠে ৩-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পিএসজি। তারকাপুঞ্জ বানিয়েও ইউরোপে সাফল্য না পাওয়ার ধারা তাই বজায় থাকল ক্লাবটির। এর পর থেকে একের পর এক বিতর্ক ছড়াচ্ছে পিএসজিকে ঘিরে। ক্লাবের সভাপতিকে দিয়ে যে ধারার শুরু।

পরশু রিয়ালের প্রথম গোল নিয়ে আপত্তি ছিল পিএসজির। নিজের বক্সে বলের দখল পেয়ে সতীর্থকে পাস দিতে দেরি করে ফেলেছিলেন পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। রিয়াল স্ট্রাইকার করিম বেনজেমা সে সুযোগে তাঁকে চাপে ফেলে বল দখলের চেষ্টা করেন। দোন্নারুম্মা ক্লিয়ার করতে গিয়ে বল তুলে দেন ভিনিসিয়ুস জুনিয়রের পায়ে। তাঁর কাছ থেকে বল পেয়ে গোল করেন বেনজেমা।

মেসিকে নিয়েও ব্যর্থ পিএসজি
ছবি: রয়টার্স

পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো ও ক্রীড়া পরিচালক লিওনার্দো ম্যাচ শেষে তাই অভিযোগ করেছেন রিয়ালের প্রথম গোলটি নিয়ে। তবে পিএসজির চেয়ারম্যান নাসের আল-খেলাইফির ক্ষোভ এত সহজে কমেনি। শেষ বাঁশি বাজতেই রেফারিদের ড্রেসিংরুমে ছুটে গেছেন পিএসজি চেয়ারম্যান। প্রথমে রেফারিদের কক্ষের বদলে ভুল করে রিয়াল মাদ্রিদেরই প্রতিনিধি মেহিয়া দাভিলার কক্ষে ঢুকে পড়েন তিনি।

পরে রেফারিদের রুম খুঁজে পেয়ে সেখানে নিজের ক্ষোভ ঝেড়েছেন, দরজায় জোরে জোরে ধাক্কা দিয়েছেন। তাঁকে শান্ত করতে নিরাপত্তাকর্মী ডেকে আনা হয়েছিল। স্প্যানিশ কিছু সূত্র জানিয়েছে, এক সহকারীর ফ্ল্যাগ ভেঙেছেন আল-খেলাইফি। আরেক সূত্র ইএসপিএনকে জানিয়েছে, কোনো ক্লাব কর্মকর্তাকে এমন আচরণ কখনো করতে দেখেনি তারা।

বুধবার উয়েফা জানিয়েছে, এ ঘটনায় আল-খেলাইফি ও লিওনার্দোর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করবে। উয়েফার নিয়ন্ত্রণ, নৈতিকতা ও শৃঙ্খলা সংস্থা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলেও জানানো হয়েছে।

খেলাইফির আচরণে বিরক্ত পিএসজির কর্মীরা
ছবি: এএফপি

এ ব্যাপারে মলিনা তাঁর ইউটিউবে বলেছেন, খেলাইফির এমন উগ্র আচরণ নতুন কিছু নয়। ক্লাবে নাকি কর্মচারীদের সঙ্গে হরহামেশাই এমন আচরণ করেন কাতারের এই ব্যবসায়ী, ‘বার্নাব্যুতে কাল রাতে নাসের আল–খেলাইফির মেজাজ হারানোয় বিস্মিত হননি তাঁর কাছের মানুষেরা। এমন কিছু এবারই প্রথম নয়। তিনি প্রায়ই প্রচণ্ড রেগে যান। অনেক সময় রাত একটা বা দুইটায় বাজে কর্মীদের ফোন করে চাপ দেন। তিনি বিবাদ সৃষ্টি করতে পছন্দ করেন।’

খেলাইফির এমন আচরণে ক্লাবের কর্মচারীরা তাই ক্ষিপ্ত। ক্লাবের পরিবেশ নষ্ট করে যেকোনো মূল্যে সাফল্য পেতে চাওয়ার এই সংস্কৃতি থেকে মুক্তি চান তাঁরা। আর এ কারণেই নাকি নিজেদের ক্লাব হেরে যাওয়াতেও অনেক কর্মী বেশ খুশি। অন্তত মলিনা এমন দাবিই তুলেছেন, ‘গত রাতে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে পিএসজি বাদ পড়ায় ক্লাবের অনেক কর্মী খুব খুশি হয়েছেন। ক্লাবে একটা বাজে অকার্যকর পরিবেশ বিরাজ করছে এবং কর্মীদের সঙ্গে খুব জঘন্য আচরণ করা হয়। নাসেরের এক কাছের লোক কিছু কর্মীর মুখে থুতুও মেরেছেন!’

এবারের দলবদলে চমক জাগিয়েছিল পিএসজি
ফাইল ছবি

মলিনা আরও বলেন, ক্লাবের ভেতরের সংস্কৃতি এখন এমন, যা শুনলে পিএসজির প্রকৃত সমর্থকেরা লজ্জায় পড়ে যাবেন। যাঁরা নিজেদের ‘লে পারিসিয়ান’ বলে পরিচয় দিতে গর্ব করেন, তাঁরা নাকি খেলাইফি ও কাতারি মালিকানাধীন ক্লাবের ভেতরের খবর জানলে চমকে উঠতেন, ‘তাঁদের ক্লাবে আসলে কী হয়, তার ৫ শতাংশও যদি পিএসজি সমর্থকেরা জানতেন, একজনও পার্ক দে প্রিন্সেসে যেতেন না।’

মলিনার এই ভিডিওর নিচে অনেক প্যারিস সমর্থকই তাঁদের মতামত জানিয়েছেন। অনেকেই বলেছেন, কাতারের অধীনে যাওয়ার পর থেকেই ক্লাবের প্রতি তাঁদের ভালোবাসায় টান পড়েছে। তাঁদের বক্তব্য, ক্লাবের প্রকৃত সংস্কৃতি ও মূল্যবোধ হারিয়ে ফেলেছে পিএসজি।