কাঁটা ঘায়ে নুনের ছিটার অনুভূতিটা কেমন, সেটিই বুঝি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বার্সেলোনা সমর্থকেরা। একে তো অসহনীয়, অপমানজনক এক হারে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পাশাপাশি শিরোপাহীন এক মৌসুম কাটানো নিশ্চিত হয়েছে কদিন আগে, সেই হার যাদের কাছ থেকে জুটেছে, তারাই এখন আবার টিপ্পনী কাটছেন বার্সাকে নিয়ে!
গত ১৪ আগস্ট চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়ে বাদ পড়েছে বার্সা। আগের তিন মৌসুমে চ্যাম্পিয়নস লিগে একের পর এক লজ্জা নিয়েই বিদায় নিয়েছিল বার্সা, ইউরোপসেরাদের মঞ্চে এবারের হার আগের সব লজ্জাকেও ছাড়িয়ে গেছে।
নেইমার বা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তুলনা করলে (বার্সেলোনায়) এমন কোনো খেলোয়াড় নেই যে ওদের দুজনের সঙ্গে পাল্লা দিতে পারে
সেই বায়ার্ন আজ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বাংলাদেশ সময় রাত ১টায় নামবে পিএসজির বিপক্ষে। যে পিএসজিকে প্রথম চ্যাম্পিয়নস লিগ এনে দেওয়ার আশায় নেইমার তিন বছর আগে এই বার্সা ছেড়ে গিয়েছিলেন। সব মিলিয়ে এমনিতেই বার্সা সমর্থকদের মন ভালো থাকার কথা নয়। এর মধ্যে কাঁটা ঘায়ে নুনের ছিটা দিলেন বায়ার্নের কিংবদন্তি ডিফেন্ডার ও বর্তমানে ক্লাবটির সম্মানসূচক সভাপতি পদে থাকা ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। পিএসজিকে নিয়ে কথা বলতে গিয়ে বললেন, পিএসজি বার্সেলোনার মতো দুর্বল নয়।
পিএসজি যে এই মুহূর্তে দল হিসেবে বার্সার চেয়ে অনেক শক্তিশালী, তা বুঝতে বেকেনবাওয়ারের মতো ফুটবলবোদ্ধা হতে হয় না। বার্সা কতটা ভঙ্গুর, সেটা বোঝা গিয়েছিল কোয়ার্টার ফাইনালের আগে বায়ার্নের আরেক কিংবদন্তি লোথার ম্যাথাউসের কথায়ও। সাবেক বায়ার্ন মিডফিল্ডার বলেছিলেন, বায়ার্ন অনেক বাজে না খেললে বার্সার কাছে হারবে না। বাজে তো খেলেইনি, বরং মেসিদের কপালে কলঙ্ক এঁকে দিয়েছিল সেদিন বায়ার্ন।
এবারে ফাইনাল নিয়ে কথা বলতে গিয়ে বার্সাকে খোঁচাটা মারলেন বেকেনবাওয়ার। ৭৪ বছর বয়সী জার্মান কিংবদন্তি স্পোর্টওয়ানে বলেছেন, ‘যখন বার্সেলোনার বিপক্ষে খেলেছিল বায়ার্ন, আমার (ম্যাচের আগে) সব সময়ই এটা মনে হয়েছিল যে ওদের অনেক দুর্বলতা আছে, যেটার সুবিধা আমরা তুলে নিতে পারব। কিন্তু পিএসজির ক্ষেত্রে ব্যাপারটা এমন নয়। ওদের কোনো দুর্বল দিকই নেই।’ শুধু বার্সাই নয়, মেসিভক্তরাও হয়তো গোস্সা হবেন বেকেনবাওয়ারের কথায়, ‘...এমনকি নেইমার বা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তুলনা করলে (বার্সেলোনায়) এমন কোনো খেলোয়াড় নেই যে ওদের দুজনের সঙ্গে পাল্লা দিতে পারে।’
এ তো গেল বার্সার সঙ্গে তুলনা দিয়ে পিএসজির শক্তি বোঝানোর প্রসঙ্গ। কিন্তু বায়ার্নও তো এই মৌসুমে দুর্দান্ত। সেমিফাইনালে অলিম্পিক লিওঁর বিপক্ষে রক্ষণে ভুগলেও আক্রমণে মৌসুমজুড়েই দলটা ভয়ংকর। গতি আছে, শক্তি আছে, দারুণ সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের রক্ষণসীমানায় বল কেড়ে নেওয়ার চেষ্টাও করে। বেকেনবাওয়ারের তাই ম্যাচ নিয়ে পূর্বানুমান, ‘দুই দলেরই ৫০-৫০ সম্ভাবনা আছে। পিএসজিকে আমি পছন্দ করি। দারুণ ভারসাম্যপূর্ণ, সবদিক থেকে পূর্ণাঙ্গ একটা দল। তবে আমাদেরও দারুণ অনেক খেলোয়াড় আছে।’
তাঁর কথায় বোঝা গেল, বায়ার্নের রক্ষণ নিয়েও নির্ভারই আছেন বেকেনবাওয়ার, ‘সবাই সবটুকু দিয়ে খেলে। দারুণ একটা দল আমাদের। ভুল বলতে গেলে তেমন করেই না। আর যদিও করেও, সে ক্ষেত্রে ম্যানুয়েল ন্যয়ার তো আছেই—বিশ্বমানের একজন গোলকিপার ও, যে কিনা সতীর্থদের ভুল হলেও দলকে বাঁচাতে পারে।’