ক্রিস্টিয়ানো রোনালদো ৩৬ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন। পিএসজিতে লিওনেল মেসির মূল চুক্তির দুই বছর শেষ হওয়ার সময়ে তাঁর বয়স হবে ৩৬, মেসিও সে সময়ে বার্সেলোনায় ফিরবেন?
এমনটাই মনে হচ্ছে হুয়ান রোমান রিকেলমের। আর্জেন্টিনা দলে মেসি যাঁর কাছ থেকে ১০ নম্বর জার্সির ঐতিহ্য বুঝে পেয়েছেন, সেই রিকেলমে এ-ও বলছেন, নেইমার-এমবাপ্পের পাশাপাশি মেসিও যাওয়ার পর এবার যদি পিএসজি চ্যাম্পিয়নস লিগ জিততে না পারে, তাহলে কখনোই পারবে না!
আর্জেন্টিনার ইতিহাসে আলোর আড়ালে থেকে যাওয়া দারুণ প্রতিভাবানদের একজন রিকেলমে। অনেকের চোখে, মেসির আর্জেন্টিনার জার্সিতে কিছু জেতার অপেক্ষা যে এত বছর পর্যন্ত গড়িয়েছে, তার মূল কারণ ব্যক্তিগত রেষারেষির জেরে রিকেলমের আর্জেন্টিনার জার্সিতে সুযোগ না পাওয়া। মেসির সঙ্গে তাল মিলিয়ে, মেসির মতো করে মাঠ-প্রতিপক্ষ বুঝে খেলার মতো প্লেমেকার যে আর পায়নি আর্জেন্টিনা!
রিকেলমের সঙ্গে মেসি খেলার সুযোগ পেয়েছেন অল্প কয়েক বছরই। এর মধ্যে ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কোচ হোসে পেকারমানের খেয়ালি সিদ্ধান্তের বলি হয়ে আর্জেন্টিনা বিদায় নিল। জার্মানির বিপক্ষে সেদিন এক গোলে এগিয়ে যাওয়ার পরই টুর্নামেন্টজুড়ে চোখধাঁধানো ফুটবল উপহার দিতে থাকা রিকেলমেকে তুলে নেন পেকারমান, মেসিকে তো মাঠেই নামাননি।
এরপর ২০০৭ কোপা আমেরিকায় রিকেলমে-মেসি জুটিতে আর্জেন্টিনা চোখজুড়ানো ফুটবল খেলে ফাইনালেও উঠলেও সেখানে কার্লোস দুঙ্গার ব্রাজিলের অতি রক্ষণাত্মক ফুটবলের সামনে আটকা পড়ে।
২০০৮ অলিম্পিকে মেসি-রিকেলমে জুটিই আর্জেন্টিনাকে সোনা জিতিয়েছে। কিন্তু গত নভেম্বরে অন্যলোকে চলে যাওয়া আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা সে সময়ে আর্জেন্টিনার মূল দলের কোচ হওয়ার পর থেকেই মূল দলে রিকেলমে ব্রাত্য হয়ে পড়েন। রিকেলমের সঙ্গে ম্যারাডোনার ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ব্যাপার ছিল কিনা।
রিকেলমে যত দিন ছিলেন, আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি তিনিই পরতেন। মাঠে তেমন দৌড়ঝাঁপ করতেন না, কিন্তু তা সত্ত্বেও আর্জেন্টিনার মাঝমাঠের সুর যেভাবে বেঁধে দিতেন, সেটি বোঝাতে তাঁকে বলা হতো ‘আলসে জাদুকর’। রিকেলমে যত দিন ছিলেন, আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটা তাঁরই ছিল। ম্যারাডোনা কোচ হওয়ার পর সেটি যায় মেসির কাছে।
সেই রিকেলমেই যখন মেসিকে নিয়ে কিছু বলেন, সেটির আলাদা গুরুত্ব থাকেই! আর কদিন আগে বার্সেলোনা ছেড়ে মেসির পিএসজিতে যাওয়া নিয়ে প্রশ্ন রিকেলমের সাক্ষাৎকারে তো বড় জায়গা নিয়েই থাকার কথা।
ইএসপিএনে রিকেলমের সাক্ষাৎকারে সেটির ব্যত্যয় হলো না। মেসির বার্সেলোনা ছাড়া, পিএসজিতে যাওয়া নিয়ে অবশ্য রিকেলমে অন্য অনেকের মতো অতটা বিস্ময় দেখাননি। সহজভাবেই দেখছেন সাবেক আর্জেন্টাইন প্লেমেকার, ‘আমি শুধু চাই মেসি প্যারিসে সময়টা উপভোগ করুক। জানি না (মেসির বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার) ব্যাপারটা অদ্ভুত কি না। তবে এমবাপ্পে ও নেইমারের সঙ্গে ওর খেলা নিয়ে আমরা সবাই রোমাঞ্চিত।’
নেইমার ও এমবাপ্পে তো আগেই ছিলেন, এর সঙ্গে এবার দলবদলে মেসি ও সের্হিও রামোসের মতো মহাতারকাকে দলে টেনেছে পিএসজি। এর পাশাপাশি জর্জিনিও ভাইনালডাম, জিয়ানলুইজি দোন্নারুম্মা, আশরাফ হাকিমি, নুনো মেন্দেসদের মতো প্রতিভাবানদের নেওয়ায় পিএসজির এবারের দলটা হয়েছে দেখার মতো।
চ্যাম্পিয়নস লিগে এবার পিএসজিই কাগজে-কলমে সবচেয়ে ভয়ংকর দল বলে মানছেন অনেকে। তবে কাগজে-কলমের আর মাঠের হিসাব তো সব সময় মেলে না, মেলে না বলেই ফুটবলের মজা অনন্য। তবে প্রথম চ্যাম্পিয়নস লিগের খোঁজে থাকা পিএসজিকে রিকেলমে একটা সতর্কবাণী দিয়ে রেখেছেন, ‘ওরা যদি এখন (মেসি যাওয়ার পর) চ্যাম্পিয়নস লিগ না জেতে, তাহলে কখনোই জিতবে না।’
মেসির ক্যারিয়ার নিয়েও একটা অনুমানের কথা জানিয়ে রেখেছেন রিকেলমে। কে জানে, কদিন আগে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা সে অনুমানে ভূমিকা রেখেছে কি না! রোনালদো ইউনাইটেডে ফিরেছেন ৩৬ বছর বয়সে। পিএসজির সঙ্গে মেসির চুক্তির মূলত দুই বছরের জন্য, দুই পক্ষ চাইলে এর সঙ্গে এক বছর বাড়িয়ে নেওয়া যাবে। দুই বছর শেষে মেসির বয়স হবে ৩৬, রোনালদোর মতো মেসিও তখন পুরোনো ঠিকানায় ফিরবেন—এমন স্বপ্ন বার্সেলোনা চাইলে দেখতেই পারে।
রিকেলমেরও তেমনই অনুমান। তবে তার আগে পিএসজির হয়ে মেসির হাতে চ্যাম্পিয়নস লিগের শিরোপাও দেখছেন আর্জেন্টাইন কিংবদন্তি, ‘আমার মনে হয় মেসি পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতবে, এরপর বার্সেলোনায় ফিরে অবসর নেবে।’
বার্সার কেউ মনে হয় না তাতে আপত্তি জানাবেন!