পিএসজি-ম্যান সিটিকে ঘিরে গুঞ্জনের মধ্যে রোনালদো পেলেন দুঃসংবাদ
ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস ছাড়বেন।
জুভেন্টাস নিশ্চিত, ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছাড়বেন না।
কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়লে ক্রিস্টিয়ানো রোনালদো পিএসজিতে যাবেন, ইতিহাস গড়া ত্রয়ী গড়বেন লিওনেল মেসি ও নেইমারের সঙ্গে।
ক্রিস্টিয়ানো রোনালদোকে কেনার প্রস্তাব নিয়ে তাঁর মুখপাত্র জর্জ মেন্দেস প্রস্তাব নিয়ে গেছেন ম্যানচেস্টার সিটিতে।
ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন।
সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো।
পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাচ্ছেন? এবারের দলবদল মৌসুমে শুধু গত কয়েক দিনের গুঞ্জন এগুলো। এর মধ্যে রোনালদোর রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও কোচ কার্লো আনচেলত্তি। ম্যান ইউনাইটেডে ফেরার গুঞ্জনও খুব একটা বাতাস পায়নি। সবচেয়ে জোর গুঞ্জন পিএসজি আর ম্যানচেস্টার সিটিকে ঘিরেই।
শেষ পর্যন্ত গুঞ্জনগুলোর কোনোটি সত্যি হবে কি না, রোনালদো জুভেন্টাস ছেড়ে কোথাও যাবেন কি না, সেটা ভবিষ্যৎ বলবে। তবে দলবদল নিয়ে গুঞ্জনের মধ্যে আজ একটা দুঃসংবাদ পেয়েছেন ৩৬ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড। জুভেন্টাসের অনুশীলনে বাহুতে চোট পেয়ে মাঠ ছেড়েছেন রোনালদো।
আগামী শনিবার ইতালিয়ান লিগে এম্পোলির বিপক্ষে খেলবে জুভেন্টাস। তার আগে দলের অনুশীলনে আজ ব্রাজিলিয়ান লেফটব্যাক আলেক্স সান্দ্রোর চ্যালেঞ্জে ডান বাহুতে ব্যথা পান রোনালদো। বাহু চেপে ধরে হাঁটতে হাঁটতে মাঠ ছেড়েছেন রোনালদো, সে সময় তাঁর পাশে ছিলেন জুভেন্টাসের চিকিৎসক দলের সদস্যরা। এম্পোলির বিপক্ষে ম্যাচের আগে তাঁর চোটের অবস্থা পর্যবেক্ষণ করা হবে বলে লিখেছে স্কাই স্পোর্টস।
দলবদলের এই সময়ে এসব ছোটখাটো চোটকে অনেকে অবশ্য অন্য চোখেও দেখেন। অন্য ক্লাবে যাওয়ার আগে দলবদলের আলোচনার সময়ে খেলোয়াড়দের ‘চোটে’ পড়ে মাঠের বাইরে থাকার ঘটনা তো আর কম দেখেনি ফুটবল।
ব্রাজিলিয়ান প্লেমেকার ফিলিপে কুতিনিওই যেমন, ২০১৭ সালের আগস্টে বার্সেলোনায় যেতে চেয়েছিলেন, সে সময় পিঠের চোটের কথা বলে লিভারপুলের অনুশীলনেও থাকেননি। অনেকের চোখে, কুতিনিওর আসলে কোনো চোটই ছিল না। সেবার আগস্টে বার্সেলোনায় যাওয়া হয়নি কুতিনিওর, ‘চোট’ সারিয়ে পরে লিভারপুলের জার্সিতে মাঠে ফিরতেও বেশি সময় লাগেনি। ২০১৮ সালের জানুয়ারিতেই অবশ্য বার্সেলোনায় যোগ দেন কুতিনিও।
রোনালদো তেমন কোনো কৌশলের আশ্রয় নিচ্ছেন কি না, নাকি তাঁর চোটটা আসলেই গুরুতর, তা এখনো নিশ্চিত নয়।
তবে দলবদলের গুঞ্জনের মধ্যে রোনালদোর জুভেন্টাসের দল থেকে দূরে থাকতে চাওয়ার ঘটনা গত সপ্তাহেও দেখা গেছে। উদিনেসের বিপক্ষে ম্যাচ দিয়ে গত রোববার এবারের লিগ মৌসুম শুরু করেছে জুভেন্টাস, সে ম্যাচে একাদশে ছিলেন না রোনালদো। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন।
যোগ করা সময়ে একটু বিব্রতও হতে হয়েছে তাঁকে। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলে ড্র ছিল, যোগ করা সময়ে রোনালদো বল জালে জড়িয়ে ভেবেছিলেন, দলকে জিতিয়ে ফেলেছেন। স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ফেটে পড়েন। জার্সিও খুলে ফেলেন। কিন্তু পরে দেখা যায়, গোলের সময়ে রোনালদো অফসাইড ছিলেন। উল্টো জার্সি খোলায় হলুদ কার্ডও দেখেছেন!
সেটি এক পাশে রেখে রোনালদোর সেদিন একাদশে না থাকাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। জুভ কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি পরে জানিয়েছিলেন, কৌশলগত কারণেই রোনালদোকে একাদশে রাখেননি।
কিন্তু দলবদলের বিষয়ে হাঁড়ির ভেতরের খবর জানিয়ে বিখ্যাত হয়ে ওঠা ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো সেদিন টুইট করেছিলেন, রোনালদো নিজেই একাদশে থাকতে চাননি। তিনি দলবদল মৌসুমের বাকি কয়েক দিনে তিনি নিজের ভবিষ্যৎ ঠিক করে নিতে চান, এমনই জানিয়েছেন রোমানো।
তবে জুভেন্টাস এখনো রোনালদোর জন্য কোনো প্রস্তাব পায়নি বলেও নিশ্চিত করেছেন রোমানো। তাঁর ভাষ্য, প্রস্তাব পায়নি বলেই জুভেন্টাস ধরে রাখছে, ক্লাবের সঙ্গে চুক্তির বাকি থাকা এক মৌসুম, অর্থাৎ আগামী মৌসুমটা রোনালদো জুভেন্টাসেই থাকবেন।
কিন্তু দলবদলে গুঞ্জন তো আর থেমে নেই। ম্যানচেস্টার সিটির কাছে রোনালদোর মুখপাত্র প্রস্তাব নিয়ে গেছেন, সিটি যাতে রোনালদোকে নিয়ে নেয়। কিন্তু রোনালদোকে পেতে ২ কোটি ৫০ লাখ ইউরো খরচ করতে রাজি নয় সিটি, তারা বিনা মূল্যেই রোনালদোকে পেতে আগ্রহী। জুভেন্টাস আবার তাতে রাজি নয়। গুঞ্জনটা সত্যি হলে সেটি হয়তো দুই দলের দলবদলের বাজারে সম্ভাব্য সর্বোচ্চ লাভ বের করার কৌশলই। ইউরোপে আগে থেকে খবর ছিল, রোনালদোর বছরে ৩১ মিলিয়ন বা ৩ কোটি ১০ লাখ ইউরো কর–পরবর্তী বেতনের বোঝা জুভেন্টাস বইতে পারছে না (করসহ জুভেন্টাসের খরচটা আরও অনেক বেশি হয়)।
একদিকে ম্যান সিটিকে ঘিরে গুঞ্জন আছে, অন্যদিকে এমবাপ্পে পিএসজি ছাড়লে সেখানে মেসি-নেইমারের সঙ্গে রোনালদোকে মিলিয়ে ‘স্বপ্নের ত্রয়ী’ গড়ার কথা ভাববে পিএসজি, এমন গুঞ্জনও আছে।
এমন মুহূর্তে রোনালদোর চোট কি দলবদলে বাধা হয়ে দাঁড়াবে? নাকি দলবদলের কাজ সেরে নিতেই চোটের কথা আসছে? সেটা সময় বলবে।