পিএসজিকে থামাবে কে?

নেইমার...নেইমার...নেইমার!
এমবাপ্পে...এমবাপ্পে...এমবাপ্পে!
দলবদলের গুঞ্জনে কান পাতলে বারবার যেন এই দুটি নামই শোনা যায়। প্রথমজন বার্সেলোনা ছেড়ে ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে আসার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়ে গেল বলে! আর দ্বিতীয়জন ফ্রান্সেরই ক্লাব মোনাকো ছেড়ে রিয়াল মাদ্রিদে যাবেন বলে গুঞ্জন। তা ফ্রান্সের ক্লাবগুলোকে ঘিরে এত এত গুঞ্জন, কিন্তু এগুলোর ভিড়ে একটা তথ্য সম্ভবত চাপাই পড়ে গেছে—আগামীকাল থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে ফ্রেঞ্চ লিগের নতুন মৌসুম!
পুরোনো চ্যাম্পিয়নদের মাঠেই হচ্ছে নতুন মৌসুমের ফিতে কাটা। বাংলাদেশ সময় আগামীকাল রাত পৌনে একটায় মোনাকোর মাঠে খেলবে তুলুজ। গত মৌসুম দুইয়ে থেকে শেষ করা পিএসজির ম্যাচ পরের দিন, নিজের মাঠে এবারই প্রথম লিগ ওয়ানে উঠে আসা আমিয়েঁ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।
নতুন মৌসুম শুরু, আর সম্ভাব্য চ্যাম্পিয়ন-রানার্সআপ নিয়ে আলোচনা হবে না? তা হয়! আলোচনায় স্বাভাবিকভাবেই চলে আসবে নেইমার-এমবাপ্পে, পিএসজি-মোনাকো প্রসঙ্গ। গত কয়েক মাসে ইউরোপে সবচেয়ে আলোচিত ক্লাবই সম্ভবত পিএসজি। নেইমারের কারণেই। দলবদলের আগের বিশ্ব রেকর্ড দুমড়ে-মুচড়ে দিয়ে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে আসতে চায় প্যারিসের ক্লাবটি। উদ্দেশ্য, এক মৌসুম পর ফ্রেঞ্চ লিগের শিরোপা পুনরুদ্ধার তো বটেই, চ্যাম্পিয়নস লিগে কখনো কোয়ার্টার ফাইনালের চৌহদ্দি পেরোতে না-পারা দলটাকে ইউরোপ-সেরা করাও।
বার্সেলোনার আগ্রহকে পাত্তা না দিয়ে মিডফিল্ডার মার্কো ভেরাত্তিকে পিএসজি ধরে রাখতে যাচ্ছে বলে গুঞ্জন। ড্রাক্সলার-থিয়াগো সিলভারা আছেন। পাশাপাশি পিএসজি নিয়ে এসেছে দানি আলভেসকেও। ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান রাইটব্যাক কী করতে পারবেন, সেটির প্রমাণ গত রোববারও দিয়েছেন। ফ্রেঞ্চ সুপার কাপে মোনাকোকে ২-১ গোলে হারানোর পথে দুর্দান্ত ফ্রিকিকে এক গোল করেছেন, করিয়েছেন অন্যটি। এঁদের সঙ্গে নেইমারও যোগ হলে? অন্তত কাগজে-কলমে পিএসজিই হয়ে যাবে লিগ ওয়ান দৌড়ের ‘উসাইন বোল্ট’!
পিএসজির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারত বর্তমান চ্যাম্পিয়ন মোনাকোই। ২০১১ সালে দুটি ক্লাবেরই মালিকানা বদলের পর বছর দুয়েক যেন টাকা ছড়ানোর প্রতিযোগিতায় নেমেছিল ক্লাব দুটি। দুই দলের দ্বৈরথের নামও হয়ে গিয়েছিল ‘এল ক্যাশিকো’। কিন্তু ২০১৪ সালে মোনাকোর রুশ মালিক দিমিত্রি রিবোলোভলেভের সঙ্গে তাঁর স্ত্রীর বিখ্যাত ডিভোর্সের পর (যেটির জন্য স্ত্রীকে ৫৬ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হয় রিবোলোভলেভকে) মোনাকো আর তাল মেলাতে পারেনি পিএসজির সঙ্গে। তারপরও গতবার ঠিকই জিতেছে লিগ, খেলেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালও। এবারও লিগ ওয়ানের লড়াইটা দ্বিমুখীই হওয়ার কথা।
এর বাইরেও দু-তিনটি ক্লাব চমক দেখাতে পারে। তবে তাঁদের দৌড়টা সম্ভবত শুরুই হবে দ্বিতীয় সেরা হওয়ার লক্ষ্য নিয়ে। যে দৌড়ে একসময়কার অপ্রতিদ্বন্দ্বী অলিম্পিক লিওঁর নিয়মিত উপস্থিতি। গত মৌসুমে চমক দেখিয়ে তৃতীয় হওয়া মারিও বালোতেল্লির নিস আছে। আর আর্জেন্টাইন ‘পাগলাটে’ কোচ মার্সেলো বিয়েলসার অধীনে মৌসুম শুরু করতে যাওয়া লিলও এবার তাতে শামিল হতে পারে। এরই মধ্যে ১৩ জন নতুন খেলোয়াড় ক্লাবে নিয়ে এসেছেন বিয়েলসা, যাঁদের মধ্যে আছেন গত বছর অলিম্পিক সোনাজয়ী ব্রাজিল দলের মিডফিল্ডার থিয়াগো মাইয়াও।
ওহ, বিয়েলসার লিলের প্রথম ম্যাচ কার সঙ্গে জানেন? নঁতে। যে দলের ডাগআউটে থাকবেন ক্লদিও রানিয়েরি। আরেকটি লেস্টার-রূপকথা লেখার স্বপ্নও সেখানে থাকবে না, কে বলতে পারে! এএফপি।