পিএসজিকে ফাইনালে তুলেও ‘ভুল করেছেন’ শুনছেন নেইমার

পিএসজির অনুশীলনে নেইমার।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন নেইমার। ইউরোপসেরার মঞ্চটা তাঁর কাছে নতুন কিছু না। আজ রাতে পিএসজির হয়ে আবারও সেই মঞ্চে ওঠার সুযোগ পাচ্ছেন নেইমার। তার আগে বেশ ফুরফুরে মেজাজেই আছেন ব্রাজিল তারকা। টুইট করেছেন, ‘এই তো, এই তো, এই তো, সময়টা চলে আসছে।’ পঙ্‌ক্তিগুলো একটি গান থেকে নেওয়া। বোঝাই যাচ্ছে ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে নিজেকে হালকা রাখার চেষ্টা করছেন নেইমার। কিন্তু লা লিগার বিশ্লেষক স্কট মিন্টোর কথা শুনলে তাঁর মেজাজটা বিগড়ে যাওয়া অস্বাভাবিক কিছু না।

২০১৭ সালে দলবদলের বাজারে বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। এরপর থেকেই তাঁর বার্সায় ফেরার গুঞ্জন উঠেছে দলবদলের প্রতি মৌসুমে। ব্রাজিলিয়ান তারকার নিজেরও ইচ্ছা ছিল ফেরার। অন্য প্রান্ত থেকে চেষ্টা করেছে বার্সাও। কিন্তু ব্যাটে-বলে হয়নি। আর নেইমারও সম্ভবত হাল ছেড়ে দিয়ে পিএসজিতে সুখী থাকার চেষ্টা করছেন। কিছুদিন আগেও তিনি বলেছেন, ‘পিএসজিতে সুখেই আছি।’ গত মে মাসে তাঁর সতীর্থ আন্দের হেরেরাও বলেছেন, ‘পিএসজিতে তাঁকে কখনো এতটা সুখী মনে হয়নি।’

নেইমারের এই সুখের সময় এখন আরও মধুর হওয়ার কথা। পিএসজিকে তুলেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। নকআউট পর্বে তিনি নিজেও খেলছেন দুর্দান্ত। শিরোপা জিততে বাধা আর মাত্র এক ধাপ। ঠিক এ পরিস্থিতিতেই চেলসির সাবেক লেফটব্যাক ও লা লিগার বিশ্লেষক স্কট মিন্টো কি না বললেন, বার্সা ছেড়ে পিএসজিতে গিয়ে ভুল করেছেন নেইমার।

বার্সায় এখন চলছে গৃহদাহ। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে ৮-২ গোলে হারে কাতালান ক্লাবটি। এরপর থেকেই সামনে চলে এসেছে বার্সা বোর্ডের প্রতি মেসির অসন্তোষ। এবার কিছু জিততে না পারায় বদল করা হয়েছে কোচ, ছাঁটাই হয়েছেন ক্রীড়া পরিচালক। সব মিলিয়ে টালমাটাল পরিস্থিতিতে যাচ্ছে বার্সায়। এতে অনেকেই মনে করছেন নেইমারের বার্সা ছাড়ার সিদ্ধান্ত ঠিক ছিল। কিন্তু মিন্টো মনে করেন, নেইমার বার্সায় থাকলে ক্লাবটি এ পরিস্থিতির মধ্য দিয়ে যেত না, দুই পক্ষই ভালো থাকত।

গোল ডট কমকে মিন্টো বলেন, ‘ইউরোপিয়ান কাপ জয়ের এটাই সেরা সুযোগ পিএসজির। কিন্তু এটা কি নেইমারের পিএসজিতে আসার সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করে? আমি তা মনে করি না।’ তাঁর যুক্তি, ‘আমি এখনো মনে করি আক্রমণভাগে মেসি, সুয়ারেজের সঙ্গে সে থাকলে বার্সা আরও বেশি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতত। নেইমার নিজেও জিততে পারত। আমার মনে হয় ফুটবল ইতিহাসে এটাই সেরা ত্রয়ী আক্রমণভাগ। তার ছেড়ে যাওয়াটা লজ্জার।’

পিএসজির আক্রমণভাগে নেইমারের সঙ্গে আছেন কিলিয়ান এমবাপ্পে ও অ্যাঙ্গেল ডি মারিয়া। ফরাসি ক্লাবটির ফাইনালে ওঠার পথে দুর্দান্ত ছিলেন এই ত্রয়ী। যদিও মিন্টোর বিশ্বাস, লিসবনে আজ রাতের ফাইনালে বায়ার্ন মিউনিখই এগিয়ে, ‘মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। কিন্তু ওই ম্যাচটা (কোয়ার্টার ফাইনাল) দেখিয়েছে একজন অসাধারণ খেলোয়াড় একা দুর্দান্ত একটি দলকে হারাতে পারে না। মেসির সতীর্থরা বায়ার্নের বিপক্ষে কিন্তু দাঁড়াতে পারেনি।’

নেইমার-এমবাপ্পেদের সতীর্থরা একইভাবে ব্যর্থ হলে বায়ার্নকে ঠেকানো যাবে না বলেই মনে করেন মিন্টো। সে ক্ষেত্রে রবার্ট লেভানডফস্কি এ বছরের সেরা খেলোয়াড় হবেন বলে মনে করেন তিনি, ‘লেভানডফস্কির গোলসংখ্যা ৫৫। আমার মতে ট্রেবল জিতলে তাকে সব ব্যক্তিগত পুরস্কার দিতে হবে। এ বছর তো কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি।’