পিএসজিতে ডি মারিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুক্তি সই আর আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি। অ্যাঙ্গেল ডি মারিয়া আসলে প্যারিস সেন্ট-জার্মেইয়ের হয়েই গেছেন, ৪ কোটি ৪৩ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যোগ দিচ্ছেন ফ্রান্সের ক্লাবটিতে। ব্রিটিশ রেকর্ড ৫ কোটি ৭৯ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে রিয়াল থেকে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন এই উইঙ্গার। যে আশা নিয়ে তাঁকে কিনেছিল ম্যানচেস্টারের দলটি, তা পূরণ করতে পারেননি। কোচ লুই ফন গালের সুনজরেও ছিলেন না। সব মিলিয়ে ইউনাইটেড ছাড়তে পেরে ‘খুশি’ ডি মারিয়া, ‘পিএসজিতে সই করতে যাচ্ছি বলে আমি আনন্দিত। এখানে নিয়ে আসার জন্য সম্ভাব্য সবকিছুই করেছে পিএসজি।’ ২৭ ম্যাচে মাত্র ৩ গোল—ম্যানচেস্টার ইউনাইটেডে ব্যর্থ একটা মৌসুমই গেছে ডি মারিয়ার। নতুন দলে তাঁর আপাতলক্ষ্য, চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের গেরোটা খোলা। এএফপি।