পিএসজিতে যাচ্ছেন রোনালদো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল ছাড়ছেন রোনালদো? ছবি: রয়টার্স
রিয়াল ছাড়ছেন রোনালদো? ছবি: রয়টার্স

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তারকা প্রীতির জন্য বিখ্যাত। এর আগে জিদান, ফিগো, রোনালদো, বেকহাম, রাউল, রবার্তো কার্লোস, ওয়েনদের নিয়ে বানিয়েছিলেন প্রথম ‘গ্যালাকটিকো।’ সেই তারকাদের রাজত্ব শেষ হয়েছিল ২০০৬ সালে জিনেদিন জিদানের অবসরের পর। পেরেজ তাঁর পরের মেয়াদেও হেঁটেছেন একই পথে। কাকা, ক্রিস্টিয়ানো রোনালদো, মেসুত ওজিল,অ্যাঙ্গেল ডি মারিয়া, জাভি আলোনসো, গঞ্জালো হিগুয়েন, ইকার ক্যাসিয়াস, রামোসদের নিয়ে বানিয়েছিলেন আরেক গ্যালাকটিকো। কিন্তু সেটাও আজ ভাঙা হাট। তারকাদের অনেকেই আর মাদ্রিদে নেই। ক্যাসিয়াস আর রামোসের ভবিষ্যৎ নিয়ে দোলাচল তো অনেক আগে থেকেই। এবার যোগ হলো তিনবারের ব্যালন ডি অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর নামও!
রোনালদো অনেক দিন ধরেই বিশ্বের অনেক ক্লাবের জন্যই কাঙ্ক্ষিত এক নাম। তার নামের সঙ্গে ম্যানচেস্টার সিটি, প্যারিস সেইন্ট জার্মেইন বা পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে জড়িয়ে খবর এসেছে বহুবার। কিন্তু প্রতিবার সেটা উড়িয়ে দিয়েছে রোনালদো বা তার ক্লাব রিয়াল মাদ্রিদ। রিয়ালে আসার পর গত ছয় বছরে রোনালদো ৩০০ ম্যাচে করেছেন ৩১৩ গোল। এমন সোনার ডিম পারা হাঁসকে বেঁচে কোন বোকা! কিন্তু এবার খবর চাউর, রোনালদোর ব্যাপারে নাকি একটু আগ্রহ কম রিয়াল সভাপতির।
রাফায়েল বেনিতেজ কোচ হওয়ার পরপরই ব্যাপারটা সামনে এসেছে। নতুন কোচের গ্যারেথ বেল-প্রীতি, ক্লাবের কিছু ব্যাপারে রোনালদোর আপত্তি গুঞ্জনের পালে হাওয়া দিচ্ছে জোরেশোরেই। ক্যাসিয়াস আর রামোসের সঙ্গে ক্লাবের ‘বিমাতাসুলভ’ আচরণ নাকি ক্ষুব্ধ করেছে রোনালদোকে। এমন অবস্থায় রিয়াল সভাপতিকে যদি দেখা যায় রোনালদোর ব্যাপারে অন্য কোনো ক্লাবের সঙ্গে আলোচনায় ব্যস্ত, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। গুঞ্জন উঠেছে,  সম্প্রতি পেরেজকে নাকি কাতারে পিএসজি কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনায় ব্যস্ত থাকতে দেখা গেছে। এখানে রোনালদোই নাকি ছিলেন এই আলোচনার কেন্দ্রতে।
তবে কী রোনালদোকে ছেড়ে দিচ্ছে রিয়াল? তথ্যসূত্র: গোলডটকম।