পিএসজিতে লুইজের নতুন অধ্যায়
বিশ্বকাপের কষ্ট ভুলে আবার মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজ। শুরু করেছেন নতুন অধ্যায়। পর্তুগাল (বেনফিকা), ইংল্যান্ড (চেলসি) ঘুরে লুইজ এবার পা রেখেছেন ফ্রান্সে। ক্যারিয়ারের নতুন অধ্যায়ের শুরুটাও করেছেন জয় দিয়েই। গতকাল নাপোলির বিপক্ষে লুইজের নতুন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইঁ (পিএসজি) পেয়েছে ২-১ গোলের জয়।
পিএসজির জার্সি গায়ে অভিষেক ম্যাচে গোলের দেখাও প্রায় পেয়েই গিয়েছিলেন লুইজ। ৭৬ মিনিটে করেছিলেন দারুণ এক হেড। কিন্তু বলটা চলে যায় গোলপোস্টের কিছুটা ওপর দিয়ে। প্রথমে পিছিয়ে পড়েও পিএসজি শেষ পর্যন্ত জয় পেয়েছে জ্লাতান ইব্রাহিমোভিচ ও হাভিয়ের পাস্তোরের গোলে। নাপোলির পক্ষে একমাত্র গোলটি করেছিলেন আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন।
বিশ্বকাপের আগ দিয়েই পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন লুইজ। ব্রাজিলের জাতীয় দলের মতো এখানেও তিনি রক্ষণভাগে জুটি বেঁধেছেন থিয়াগো সিলভার সঙ্গে। লুইজের অভিষেকটা ভালোভাবে হলেও গতকাল ইনজুরির কবলে পড়েছেন সিলভা। ওই চোটে তাঁকে মাঠ ছাড়তে হয়েছে ম্যাচের ১৪ মিনিটের মাথায়। এএফপি।