পিএসজিতেও একা হয়ে গেছেন মেসি
লিওনেল মেসির সঙ্গে তিন বছর বার্সেলোনায় খেলেছিলেন থিয়েরি অঁরি। সামুয়েল ইতো, মেসি ও অঁরি মিলে গড়ে তুলেছিলেন বিশ্বজয়ী এক আক্রমণভাগ। আক্রমণসঙ্গী মেসি কীভাবে খেলেন, কীভাবে খেললে মেসির কাছ থেকে সবচেয়ে সুবিধা পাওয়া যায়, নিঃসন্দেহে অঁরি সেটা বেশ ভালোই বোঝেন। আর বোঝেন বলেই সাবেক আর্সেনাল কিংবদন্তি পিএসজিতে মেসির খেলা দেখে সন্তুষ্ট হতে পারছেন না।
পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই মেসির খেলার ধরন ও পিএসজির কৌশল নিয়ে কথা বলেছেন বিশ্বকাপ ও ইউরোজয়ী সাবেক এই ফরাসি ফরোয়ার্ড।
আরএমসি স্পোর্তকে দেওয়া তাঁর সাম্প্রতিক এক সাক্ষাৎকারেও সে বিষয়ই উঠে এসেছে আবার।
অঁরির মতে, মেসির খেলার ধরনের সঙ্গে দলের রসায়নটা ঠিক যাচ্ছে না যেন, ‘মেসি খেলার মাঠে অনেকটাই আলাদা হয়ে গেছে। একা হয়ে গেছে। ও বলের দেখা আগের চেয়ে অনেক কম পাচ্ছে। বল পায়ে রাখার তেমন সুযোগ পাচ্ছে না। আমি বলব না যে পিএসজিতে এসে ওর মন খারাপ, তবে ও যেন একটু বিচ্ছিন্ন। ও মাঝখানে খেললেই ভালো খেলে। ওখানে ওকে দেখতেই পছন্দ করি।’
ক্যারিয়ারের অধিকাংশ সময়েই রাইট উইঙ্গার হিসেবে খেলেছেন মেসি। কাগজে-কলমে রাইট উইঙ্গার হলেও মাঠে সব সময় মুক্ত-স্বাধীন একটা ভূমিকা দেওয়া হয় আর্জেন্টাইন এই উইঙ্গারকে। যে কারণে রাইট উইং, লেফট উইং, আক্রমণাত্মক মিডফিল্ড, স্ট্রাইকার—মেসি যখন যেভাবে চেয়েছেন, সেখান থেকে আক্রমণ করতে পেরেছেন। বার্সেলোনা আর আর্জেন্টিনায় তেমনটাই দেখা যায়। কিন্তু পিএসজিতে কি অমনটা দেখা যাচ্ছে?
অঁরি অন্তত সেটা দেখতে পাচ্ছেন না, ‘মেসিকে ডান দিকে খেলতে দেখে আমারই সমস্যা হচ্ছে। আমার মনে হয়, ও মাঝখানে খেললেই বেশি প্রভাব রাখতে পারে। খেলার গতিপথ নির্ধারণ করে দিতে পারে। এমন কিছু একটা করতে হবে, যাতে মেসি, নেইমার ও এমবাপ্পে—তিনজনই দলের জন্য নিজেদের সর্বোচ্চটুকু দিতে পারে। আমার মনে হয় না ডান দিকে খেললে মেসি তার সর্বোচ্চটুকু দিতে পারে। আক্রমণের দিক দিয়ে মেসি ডান দিকে থাকলে পিএসজির যে খুব লাভ হয়, সেটাও আমার মনে হয় না। তবে এটাও সত্যি, কৌশলগত দিক দিয়ে পিএসজি আসলে কী ভাবছে, সেটাও আমি জানি না। ডান দিকে ওপরে থাকলে স্বাভাবিকভাবেই বল অত বেশি পায়ে পাবে না। আর বল পায়ে না এলে ম্যাচে সেভাবে প্রভাবও রাখা যায় না।’
আপাতত মেসি নন, এমবাপ্পের পায়েই বল বেশি যাচ্ছে বলে মনে করছেন অঁরি, ‘মেসি অত বেশি কথা বলে না। ও বলকে কথা বলায়। এখন পর্যন্ত এটা (পিএসজি) কিলিয়ানের (এমবাপ্পে) দল। ও-ই পিএসজিতে আপাতত সবচেয়ে বেশি আলো ছড়াচ্ছে। ওর দিকেই বল সবচেয়ে বেশি যাচ্ছে। কিন্তু একটা নির্দিষ্ট মুহূর্তে একজনই থাকা উচিত, যে কিনা ম্যাচটা নিয়ন্ত্রণ করতে পারে। আর এই দলে অনেক বেশি ম্যাচ–নিয়ন্ত্রক আছে।’