পিএসজির ইতিহাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাসই বটে। ফ্রান্সের কোনো ক্লাবের যে কীর্তি নেই, সেটাই গড়ল পিএসজি। ফ্রেঞ্চ চ্যাম্পিয়নস ট্রফি, লিগ কাপ ও লিগ ওয়ান জেতা হয়ে গিয়েছিল আগেই। পরশু অজেরিকে ১-০ গোলে হারিয়ে জিতল ফ্রেঞ্চ ক্লাপ, প্রথম ফরাসি ক্লাব হিসেবে এক মৌসুমে চারটি ট্রফি জয়। অজেরিকে না হারাতে পারলে অঘটনই হতো, ৬৫ মিনিটে এডিনসন কাভানির জয়সূচক একমাত্র গোলটা তাই স্বস্তি দিয়েছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের। তবে এই শিরোপার আরেকটি মাহাত্ম্য আছে। ২০১১ সালে কাতারি মালিকানার পর শুধু ঘরোয়া এই ট্রফিটাই অধরা ছিল। মিডফিল্ডার ব্লেজ মাতুইদির কণ্ঠে পুরো দলের অনুভূতি, ‘দারুণ, দারুণ একটা মৌসুম কাটালাম আমরা। শুধু চ্যাম্পিয়নস লিগের হারটাই একটু দুঃখের, কিন্তু মনে রাখতে হবে আমরা বার্সেলোনার কাছে হেরেছি।’ এএফপি।