পিএসজির একাদশ কেমন হবে?

পিএসজির অনুশীলনে নেইমার, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সের্হিও রামোসের পুরোনো ক্লাবের বিপক্ষে নামা হচ্ছে না, সেটি নিশ্চিত। চোট কাটিয়ে পিএসজির স্কোয়াডেই ফেরা হয়নি এই মৌসুমেই পিএসজিতে যোগ দেওয়া সাবেক রিয়াল অধিনায়কের। তা রামোসকে না পেলেও নেইমারকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আজ পাবে পিএসজি?

বাংলাদেশ সময় আজ রাত দুইটায় চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নামার আগে পিএসজি সমর্থকদের সবচেয়ে বড় দুশ্চিন্তা সম্ভবত এটিই। চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের পর মেসি-নেইমার-এমবাপ্পের ত্রয়ীকেই তো রিয়াল-বাধা পেরোনোর পথে সবচেয়ে বড় ভরসা মেনেছিল পিএসজি। কিন্তু ত্রিফলার একটি ফলা ঠিক থাকবে কি না, তা নিয়েই যত শঙ্কা।

পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার
ছবি: রয়টার্স

ফরাসি সংবাদমাধ্যমের খবর শুনলে পিএসজি, ব্রাজিল আর নেইমার–ভক্তদের হতাশই হতে হবে। ম্যাচের স্কোয়াডে থাকলেও নেইমারের এ ম্যাচে শুরু থেকেই খেলার সম্ভাবনা নেই বলে জানাচ্ছে লে’কিপসহ ফ্রান্সের অনেক সংবাদমাধ্যম।

গত নভেম্বরে অ্যাঙ্কেলে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার। সপ্তাহখানেকও হয়নি দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে আজকের ম্যাচটা বুঝি তাঁর জন্য একটু বেশি আগেভাগেই হয়ে গেল!

ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ফ্রান্স জানাচ্ছে, নেইমার খেলতে উন্মুখ হয়ে আছেন। দিন দশেক আগে ৩০তম জন্মদিনের উৎসব পালন করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিশ্বাস, তিনি অন্তত ৬০ মিনিট খেলতে পারবেন। কিন্তু পিএসজির কোচিং স্টাফ এ নিয়ে গতকাল পর্যন্তও সংশয়ে ছিলেন।

নেইমারের বদলে এমবাপ্পেদের পাশে থাকতে পারেন দি মারিয়া
ছবি: পিএসজির টুইটার

ফরাসি ক্রীড়াদৈনিক লে’কিপও জানাচ্ছে, নেইমার কতক্ষণ খেলতে পারবেন, সে নিয়ে পিএসজির কোচদের আলোচনা হয়েছে। তাঁকে মাঠে নামানোর সম্ভাবনা একেবারে নাকচ করে দেননি তাঁরা, কিন্তু সেটিতে ঝুঁকি যে আছে, তা-ও মেনে নিচ্ছেন পিএসজির কোচিং দলের সদস্যরা। পিএসজির আনুষ্ঠানিকভাবে ঘোষিত স্কোয়াডে অবশ্য নেইমার ঠিকই আছেন।

কিন্তু নেইমার শুরু থেকে না খেললে কে খেলবেন তাঁর জায়গায়? লে’কিপ তো বটেই, ফ্রান্সের ফুটবলবিষয়ক আরেক ওয়েবসাইট আরএমসি স্পোর্তও জানাচ্ছে, সে জায়গা পাচ্ছেন আনহেল দি মারিয়া। ডানে দি মারিয়া, বাঁয়ে এমবাপ্পে আর মাঝে মেসিকে রেখেই পিএসজির আক্রমণ সাজাবেন কোচ মরিসিও পচেত্তিনো, ফরাসি সংবাদমাধ্যমে গুঞ্জন এমনই।

পিএসজির সম্ভাব্য একাদশ
গ্রাফিকস: প্রথম আলো

এর বাইরে পিএসজির একাদশ নিয়ে যা গুঞ্জন শুধু গোলপোস্টের নিচে জায়গাটা নিয়েই। রক্ষণে হাকিমি, মারকিনিওস, কিমপেম্বে ও নুনো মেন্দেস। মাঝমাঠে মার্কো ভেরাত্তির সঙ্গী দানিলো পেরেরা ও লিয়ান্দ্রো পারেদেস।

কিন্তু গোলপোস্টে কে? রিয়ালেরই সাবেক গোলকিপার কেইলর নাভাস, নাকি এই মৌসুমে পিএসজিতে যোগ দেওয়া ‘তারকা’ গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা? লে’কিপ জানাচ্ছে, দোন্নারুম্মার দিকেই পাল্লাটা বেশি ভারী!