>শেষ হয়ে গেল ইউরোপিয়ান ফুটবলের আরেকটি রোমাঞ্চভরা মৌসুম। চারটি লিগে প্রথাগত বড় দলগুলোরই জয়জয়কার। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, পিএসজি সবাই শিরোপা ধরে রেখেছে। তবে ইংলিশ লিগে লেস্টার সিটির জয় ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বিস্ময়কর গল্পগুলোর একটি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সেই গল্পগুলো আরেকবার মনে করা যাক...
ফ্রেঞ্চ লিগের মৌসুম শেষের সালতামামি করাটা এখন বোধ হয় সবচেয়ে সহজ। দোর্দণ্ড প্রতাপ দেখিয়ে পিএসজি লিগ জিতবে, চার মৌসুম ধরেই তো এটি অলিখিত এক রীতি। আর এবার পিএসজির সেই দাপট ছিল আরও বেশি। দুইয়ে থাকা মোনাকোর চেয়ে ১৯ পয়েন্টে এগিয়ে বড়দিনের বিরতিতে গিয়েছিল পিএসজি, বলতে গেলে তখনই শিরোপা নিশ্চিত। ট্রফি আনুষ্ঠানিকভাবে হাতে উঠেছে রেকর্ড ৮ ম্যাচ হাতে রেখে। মৌসুম শেষে দ্বিতীয় লিঁওর সঙ্গে ব্যবধান ৩১ পয়েন্ট! এক মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্ট, সবচেয়ে বেশি জয়, প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি জয়, নিজেদের জালে সবচেয়ে কম গোল, নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সবচেয়ে বেশি ব্যবধান—মৌসুমটা কতটা পিএসজিময় ছিল সেটা না বললেও চলে!

পিএসজির জয়ডঙ্কায় একটু চাপা পড়ে যাচ্ছে, নইলে লিঁওর প্রত্যাবর্তনটাও কম রোমাঞ্চকর নয়। ডিসেম্বরে যে দলটা পয়েন্ট তালিকার নয়ে পড়ে খাবি খাচ্ছিল, তারাই মৌসুম শেষে উঠে আসে দুইয়ে। সেই সুযোগ ছিল মোনাকোরও, কিন্তু দুই সপ্তাহ আগে লিঁওর কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয়ে তাদের তিনেই থাকতে হয়েছে। চারে ও পাঁচে থাকা নিস ও লিল পাচ্ছে ইউরোপা লিগ খেলার সুযোগ। আর অবনমিত হয়ে দ্বিতীয় বিভাগে নেমে গেছে রেঁস, অ্যাজাক্সিও ও ত্রয়া।
ফ্রেঞ্চ লিগের শীর্ষ পাঁচ
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
পিএসজি ৩৮ ৩০ ৬ ২ ১০২/১৯ ৯৬
লিঁও ৩৮ ১৯ ৮ ১১ ৬৭/৪৩ ৬৫
মোনাকো ৩৮ ১৭ ১৪ ৭ ৫৭/৫০ ৬৫
নিস ৩৮ ১৮ ৯ ১১ ৫৮/৪১ ৬৩
লিল ৩৮ ১৫ ১৫ ৮ ৩৯/২৭ ৬০
অবনমন: রেঁস, অ্যাজাক্সিও ও ত্রয়া
এবারও ইব্রা
‘এসেছিলাম রাজার মতো, বিদায় নিচ্ছি কিংবদন্তির মতো’—পিএসজির মাঠে নিজের শেষ ম্যাচের আগে ইব্রাহিমোভিচ বলেছিলেন। পিএসজিতে শেষ মৌসুম যেভাবে রাঙিয়ে দিলেন, এরপর কিংবদন্তি শব্দটা একটুও বাড়াবাড়ি মনে হবে না। ৩৮ গোল নিয়ে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা—ফ্রেঞ্চ লিগের ইতিহাসেই এক মৌসুমে এর চেয়ে বেশি গোল আছে শুধু দুজনের। চার মৌসুমে করেছেন ১১৩ গোল, ইব্রা তো কিংবদন্তিই!
সর্বোচ্চ গোলদাতা
গোল খেলোয়াড় ক্লাব
৩৮ ইব্রাহিমোভিচ পিএসজি
২১ আলেজান্দ্রে লাকাজাতে লিঁও
১৯ এডিনসন কাভানি পিএসজি
১৭ ভিসাম বেন ইয়াদার তুলোজ
১৭ মিশি বাতশুয়াই মার্শেই
১৭ হাতেম বেন আরফা নিস