পিএসজির টাকা নিতে অস্বীকৃতি স্প্যানিশ লিগের

এমন দলবদল ফুটবল ইতিহাস কখনোই দেখেনি। বর্তমান রেকর্ড ট্রান্সফার ফিরও দ্বিগুণের বেশি। কীভাবে এই দলবদল হবে, এতে আইন কী বলছে, এসব নিয়েও একটা অস্পষ্ট ধারণা। এর মধ্যে স্প্যানিশ লিগের (লা লিগা) প্রধান হাভিয়ের তেবাস জানালেন, পিএসজির এই দলবদলের আনুষ্ঠানিকতা তারা করবে না। কারণ, এতে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) নীতির লঙ্ঘন হতে পারে।
ক্লাবগুলোর আর্থিক সক্ষমতার ভিত্তিতে উয়েফা এই এফএফপি নীতি নিয়েছে। যাতে একটি ক্লাব কখনো সর্বশেষ তিন মৌসুমে ১০০ মিলিয়ন ইউরোর বেশি ক্ষতির মধ্যে থাকতে পারবে না।
নেইমারের এই বদলিতে কেবল বার্সেলোনাকেই দিতে হবে ২২২ মিলিয়ন ইউরো। এর সঙ্গে আছে বোনাসের হিসাব। পিএসজি কয়েক মৌসুম ধরে কাতারি পেট্রো ডলারের টাকাই ঢালছে। ক্লাবটি এখনো লাভের মুখে নেই। নিশ্চিতভাবেই এই বদলি তাদের আরও বেশি ঋণাত্মক অবস্থায় ঠেলে দেবে।
পিএসজি অবশ্য উয়েফাকে হিসেবে দেখাতে পারে ভারসাম্য আনতে তারা কোন কোন খেলোয়াড়কে বেচে দেবে। তবে এখনই শক্ত অবস্থান নিল লা লিগা। তেবাস আজ স্থানীয় সময় সকালে মাদ্রিদের ক্রীড়া দৈনিক এএসকে বলেছেন, ‘পিএসজির মতো ক্লাবের কাছ থেকে আমরা কোনো টাকা গ্রহণ করব না। বিশেষ করে এই ক্লাব যখন নিয়ম আর আইনের লঙ্ঘন করে চলেছে।’
এর আগে বার্সাও পিএসজির বিরুদ্ধে উয়েফার কাছে নালিশ করার হুমকি দিয়েছিল। উয়েফার মুখপাত্র নিশ্চিত করেছেন, এখন পর্যন্ত কেউ তাদের কাছে অভিযোগ করেনি। তবে কেউ অভিযোগ না করলেও উয়েফা নিজে থেকেও এই বদলি তদন্ত করে দেখবে সেটি এফএফপির নীতি লঙ্ঘন করছে কি না। সূত্র: এএফপি।