পিএসজির টানা তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপিয়ান ফুটবলে এখন মৌসুম বিদায়ের রাগিণী। বেশির ভাগ লিগেই শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে। পরশু পিএসজির হাতে উঠল ফ্রেঞ্চ লিগ। ইংল্যান্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ফিরছে চ্যাম্পিয়নস লিগে, আর চার ম্যাচ আগেই বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হয়ে যাওয়া বায়ার্ন মিউনিখ হোঁচট খেয়ে চলছেই।

শিরোপা জয়ের আনন্দ
শিরোপা জয়ের আনন্দ

চ্যাম্পিয়নস লিগে ইউনাইটেড
গোল ব্যবধানে অনেক এগিয়ে থাকায় আগেই একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল। পরশু ক্রিস্টাল প্যালেসের কাছে লিভারপুল ৩-১ গোলে হেরে যাওয়ায় গাণিতিকভাবেও নিশ্চিত হয়ে গেল, আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগে খেলছে। ডেভিড ময়েসের অধীনে গত বছর সাতে থেকে মৌসুম শেষ করেছিল ইউনাইটেড। লুই ফন গাল শিরোপা এনে দিতে না পারলেও দলকে ফিরিয়েছেন শীর্ষ চারে। তবে তিনে থেকে মৌসুম শেষ করার যে সম্ভাবনা ছিল, সেটা প্রায় শেষই। কাল আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র করে ৩৭ ম্যাচ শেষে ইউনাইটেডের পয়েন্ট ৬৯, এক ম্যাচ কম খেলে আর্সেনাল এগিয়ে দুই পয়েন্টে। এএফপি।
আবারও পিএসজি
পেট্রোডলারের ঝনঝনানি, দলে তারার ছড়াছড়ি। ফ্রেঞ্চ লিগে পিএসজি সাফল্যও পাচ্ছে দুহাত ভরে। পরশু মঁপেলিয়েকে ২-১ গোলে হারিয়ে টানা তিন মৌসুমে লিগ ওয়ান জিতল লঁরা ব্লাঁর দল, এই কীর্তি আছে শুধু মার্শেই, সেঁত এতিয়েন ও লিঁওর। এক ম্যাচ হাতে রেখে জিতলেও এবারের শিরোপা এসেছে অনেক কাঠখড় পুড়িয়ে। মৌসুমের শুরুর দিকে এগিয়ে ছিল মার্শেই, পরে অনেকটা সময় শীর্ষে ছিল লিঁও। গত ৮ ম্যাচের সবগুলো জিতে পিএসজি টপকে গেছে প্রতিদ্বন্দ্বীদের। গোলরক্ষক সালভাতোরে সিরিগু জানাচ্ছেন, ‘কঠিন একটা মৌসুম গেছে, কখনো কখনো আমাদের নির্মম সমালোচনা শুনতে হয়েছে। কিন্তু আমরা মানসিক শক্তি দেখিয়েছি, যেটা পেয়েছি সেটা পুরোপুরিই আমাদের প্রাপ্য।’
কী হয়েছে বায়ার্নের?
বায়ার্ন মিউনিখ কি হঠাৎ করেই জয়ের তৃষ্ণাটা হারিয়ে ফেলল? নইলে অবনমনের শঙ্কায় থাকা ফ্রেইবুর্গের কাছে এগিয়ে গিয়েও হেরে বসবে কেন? এই নিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হারল বায়ার্ন, বাদ পড়েছে চ্যাম্পিয়নস লিগ থেকেও। অথচ বাস্তিয়ান শোয়েনস্টাইগার নিজের ৫০০তম ম্যাচে গোল করে এগিয়ে দিয়েছিলেন বায়ার্নকে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা ২-১ গোলে হেরে বসে জার্মান চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে ডিফেন্ডার জেরোম বোয়ােটং তাই ক্ষমা চাইলেন ভক্তদের কাছে, ‘আমাদের এর চেয়ে ভালো খেলতে হবে, এখানে তর্কের কোনো সুযোগ নেই। যেটা হয়েছে সেটার জন্য আমরা ভক্তদের কাছে ক্ষমা চাইছি।’ পেপ গার্দিওলাও যেন মৌসুম শেষ করতে পারলেই বাঁচেন, ‘শিরোপা জেতার পর আমাদের সময়টা ভালো যায়নি। আরেকটা ম্যাচ আছে আমাদের, এরপর ছুটিতে গিয়ে ভবিষ্যতের কথা ভাবতে হবে।’