পিএসজির পিছুটান
সিদ্ধান্তে অটল থাকতে পারল কই পিএসজি! টিভি চ্যানেল ক্যানাল প্লাসের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতেই হলো ফরাসি ক্লাবটিকে। গত ১০ এপ্রিল থেকে ফ্রেঞ্চ এই চ্যানেল বর্জন করে আসছিল পিএসজি। ঘটনা হলো, গত ১৫ মার্চ বোর্দোর বিপক্ষে ২ গোল করেও পিএসজিকে জেতাতে পারেননি জ্লাতান ইব্রাহিমোভিচ। ম্যাচের পর ক্ষোভ উগরে দিয়েছিলেন রেফারিদের ওপর। মাঠ ছাড়তে ছাড়তে করে বসেছিলেন বাজে সব মন্তব্য, ‘এই পচা দেশে পিএসজির মতো ক্লাব থাকতে পারে না।’ বেফাঁস এই মন্তব্য ছড়িয়ে পড়ে ক্যানাল প্লাসের সৌজন্যে। তিন ম্যাচ নিষিদ্ধ হন ইব্রা। ম্যাচ শেষেও খেলোয়াড়দের কথাবার্তা সরাসরি সম্প্রচার করায় পিএসজির ক্ষোভের মুখে পড়ে ক্যানাল প্লাস। ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল ৩০ মে পর্যন্ত ক্যানাল প্লাসকে বর্জন করবে। কিন্তু ফ্রেঞ্চ লিগ কর্তৃপক্ষ তা হতে দিল না! ম্যাচের পরও খেলোয়াড়দের সরাসরি সম্প্রচারের পক্ষে যুক্তি তুলে ধরায় শেষ পর্যন্ত পিছুই হটল পিএসজি। আইএএনএস।