পিএসজির মধুর প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক এক বছর আগের ঘটনা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে চেলসির মুখোমুখি পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-৩ গোলে ড্র, কিন্তু ‘অ্যাওয়ে’ গোলের সুবিধা নিয়ে সেমিফাইনালে চলে যায় চেলসি। কে জানত, এক বছর পর ওই স্মৃতিটাই উল্টো হয়ে ফিরে আসবে! পরশু স্টামফোর্ড ব্রিজে গিয়ে ২-২ গোলে ড্র করে শেষ আটে উঠে গেল পিএসজি!
ফুটবল যেন তার সবটুকু রং-রূপ নিয়ে পসরা সাজিয়েছিল পরশু। কে ভাবতে পেরেছিল, ম্যাচের প্রায় বেশির ভাগ সময় ১০ জন নিয়ে খেলেও পিএসজি দুই গোল দেবে! প্যারিসে আগের লেগটা ১-১ ড্র ছিল। পরশু ৩১ মিনিটে ইব্রাহিমোভিচের লাল কার্ড দেখার পর মনে হয়েছিল, চেলসিই বুঝি শেষ হাসি হাসবে। ৮১ মিনিটে গ্যারি কাহিল জটলা থেকে গোল করে বসায় স্টামফোর্ড ব্রিজে উৎসবের আয়োজন। কিন্তু ম্যাচ শেষের মাত্র ৫ মিনিট আগে চেলসিরই সাবেক ডিফেন্ডার ডেভিড লুইজ কর্নার থেকে গোল করে স্থবির করে দেন গ্যালারি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
৯৬ মিনিটে এডেন হ্যাজার্ড পেনাল্টি থেকে গোল করে আবার এগিয়ে দেন চেলসিকে। কিন্তু ১১৪ মিনিটে থিয়াগো সিলভার আরেকটি দুর্দান্ত হেডে সমতা ফেরায় পিএসজি। ওটাই গড়ে দেয় ব্যবধান। পিএসজি কোচ লরা ব্লাঁ তাই বলেছেন, ‘পিএসজি বড় মঞ্চে নিজেদের প্রমাণ করতে চায়। আমার মনে হয় আমরা আজ সেটা করতে পেরেছি। এই ম্যাচটা ক্লাবের জন্য একটা দিকনির্দেশিকা হয়ে থাকবে।’ আর হোসে মরিনহো? চেলসি কোচ বিস্ময়করভাবে কোনো অজুহাত খুঁজলেন না, ‘আমরা যথেষ্ট ভালো খেলতে পারিনি। ওরা আমাদের চেয়ে চাপ অনেক ভালোভাবে সামলেছে।’
পিএসজি-চেলসি ম্যাচ যতটাই রোমাঞ্চ ছড়িয়েছে, বায়ার্ন-শাখতারের ম্যাচ ততটাই একপেশে হয়েছে। আগের লেগ গোলশূন্য থাকার পর ১০ জনের শাখতারকে বায়ার্ন নিজেদের মাঠে বিধ্বস্ত করেছে ৭-০ গোলে। মুলার করেছেন জোড়া গোল, বোয়াটেং, রিবেরি, বাডস্টুবার, লেভানডফস্কি, গোটশের গোল একটি করে। এএফপি।