পিএসজির হয়ে কি আজই অভিষেক রামোসের

পিএসজির অনুশীলনে সের্হিও রামোসছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিএসজির জার্সি হাতে সের্হিও রামোসের হাস্যোজ্জ্বল ছবিটা এখন সমর্থকদের কাছে দূরের কোনো স্মৃতি বলে মনে হতেই পারে!

সেই যে দলে এলেন, বিভিন্ন চোটের কারণে এখনো নতুন দলের হয়ে মাঠেই নামতে পারলেন না। রামোসহীন পিএসজি রক্ষণভাগ সামলেছে মার্কিনিওস, দিয়ালো, কিমপেম্বেদের দিয়েই। তাতে যে খুব বেশি লাভ হয়েছে, বলা যাবে না।

বেশ কয়েক ম্যাচেই পিএসজির রক্ষণ–দুর্বলতা বেশ বাজেভাবে ফুটে উঠেছে। অবশেষে দলের সেই দুর্বলতা দূর করতে চোট কাটিয়ে আজ মাঠে ফিরতে পারেন রিয়াল মাদ্রিদের সাবেক এই ডিফেন্ডার। গতকাল মেসি-ভেরাত্তিদের সঙ্গে অনুশীলনও করেছেন রামোস। নঁতের বিপক্ষে আজ রামোসের মাঠে নামার সম্ভাবনাই বেশি।

পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো নিজেই সংবাদ সম্মেলনে বলেছেন, নতুন ক্লাবের হয়ে অভিষেক হতে বেশি দেরি নেই রামোসের, ‘রামোসের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতার একজন বিশ্বকাপজয়ী ফুটবলার অবশ্যই বেশি বেশি খেলতে চাইবে। না খেলতে পারার বিষয়টা ভালোভাবে দেখবে না। তবে ও দিন দিন শক্তিশালী হচ্ছে, উন্নতি করছে। অনেক পরিশ্রম করছে, আর আমাদের কাছে মনে হচ্ছে আস্তে আস্তে ফিটনেস ফিরে পাচ্ছে। তবে আমাদের ধৈর্য ধরতে হবে, যেন ও স্বাভাবিকভাবে স্কোয়াডে ফিরতে পারে।’

রামোস যে বেশ ভালোভাবেই অনুশীলন করছেন, সেটা ফুটে উঠেছে পচেত্তিনোর কথায়, ‘এ সপ্তাহের প্রতিদিন তিনবার করে অনুশীলন করছে। চাপের সঙ্গে মানিয়ে নিতে পারছে ভালোভাবে।’

গতকাল অনুশীলনের বেশ কিছু ছবি প্রকাশ করেছে পিএসজি। ছবিগুলোয় দেখা যাচ্ছে মেসি, ভেরাত্তি, হাকিমিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কঠিন অনুশীলন করে যাচ্ছেন রামোস। হ্যাঁ, চোট সমস্যা কাটিয়ে পিএসজির হয়ে ফিরেছেন মেসিও। কিছুদিন আগেই ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলে আসা মেসি চোটের কারণে পিএসজির হয়ে গত কয়েক ম্যাচ খেলেননি।

পিএসজি লিগের ১৩ ম্যাচ খেলে ফেলেছে রামোসকে ছাড়া। রামোসকে ছাড়াই দলটা লিগের শীর্ষে আছে যদিও, এই কয় ম্যাচে মাত্র ৪ পয়েন্ট হারিয়েছে পিএসজি। ওদিকে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটির ঠিক পেছনে দ্বিতীয় স্থানে আছে তারা।