আর কিছুক্ষণ পর শুরু মেসির সংবাদ সম্মেলন
জীবনে এই প্রথম বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবের খেলোয়াড় হিসেবে কোনো সংবাদ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন লিওনেল মেসি। কী কী বলবেন আজ এই আর্জেন্টাইন তারকা? জানতে চোখ রাখুন প্রথম আলোর সরাসরি ধারাভাষ্যে!
মেসির জার্সির জন্য দোকানের বাইরে ভিড়
মেসিকে দলে নেওয়ার সুফল এর মধ্যেই পাচ্ছে পিএসজি। মেসির জার্সি কেনার জন্য এর মধ্যেই অফিশিয়াল দোকানের বাইরে ভিড় জমিয়েছেন পিএসজির সমর্থকেরা।
সপরিবারে সংবাদ সম্মেলনে এসেছেন মেসি
চলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে সংবাদ সম্মেলনস্থলে এসেছেন লিওনেল মেসি। তিন ছেলের প্রত্যেককেই পিএসজির জার্সি পরিয়েছেন। সঙ্গে আছেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি।
প্রথমে বক্তব্য দেওয়া শুরু করেছেন পিএসজি সভাপতি
পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি সবার আগে কথা বলা শুরু করেছেন সংবাদ সম্মেলনে—
‘লিওনেল মেসিকে পিএসজির খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিতে পেরে আমি অনেক গর্বিত। আমাদের জন্য দুর্দান্ত এক মূহুর্ত এটা। ফুটবল ইতিহাসেরই অন্যতম অসাধারণ মূহুর্ত এটা। সবাই লিওকে চেনে, সে ছয়বারের বিশ্বসেরা খেলোয়াড়। সে একজন ফুটবল জাদুকর ও ক্রমবিজয়ী।’
মেসিকে ধন্যবাদ খেলাইফির
আমরা যখন ১০ বছর আগে এই প্রকল্প শুরু করেছিলাম, সবাই বোঝেনি যে আমরা কী করতে চাই। আমাদের প্রকল্পটা অনেক বড় ছিল, এবং আজকের এই অবস্থানে আসার পেছনে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। মেসিকে দলে আনার ব্যাপারটা বাস্তব করার জন্য দুই পক্ষই দুর্দান্ত একটা চুক্তি করেছে।
লিও আর তাঁর স্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এই স্বপ্নকে সত্যি করার জন্য। আমার দলের বাকি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরও অনেককে ধন্যবাদ জানাচ্ছি যাদের হয়তোবা আপনারা অনেকে চেনেনও না, যারা আমাদের এই অবস্থানে আসার পেছনে ভূমিকা রেখেছেন। আপনারা সবাই আমাদের সমর্থকদের জন্য দুর্দান্ত এক কাজ করেছেন।
মেসিকে নিয়ে আরও শিরোপাজয়ের স্বপ্ন খেলাইফির
এটা মাত্রই শুরু। আসল কাজ এখন থেকে শুরু হবে। আমাদের সঙ্গে এখন এমন একজন আছেন যিনি আজীবন শিরোপা জিতে এসেছেন। যিনি এর পরে আমাদের হয়ে আরও অনেক শিরোপা জিতবেন। আমাদের দলে বিশ্বের সব সেরা খেলোয়াড় ও কোচ আছে। মেসি, আমি অঙ্গীকার করছি তোমার ছেলেরা প্যারিস শহরকে ভালোবাসবে।
বক্তব্য দেওয়া শুরু করেছেন মেসি
সভাপতির বক্তব্যের পর এবার মেসির পালা। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়া শুরু করেছেন তিনি। জানাচ্ছেন, কেন ক্লাব বদল করেছেন—
‘সবাই জানে আমি কিছুদিন আগে বার্সেলোনা ছেড়েছি। আমার জন্য সিদ্ধান্তটা অনেক কঠিন ছিল, কারণ অনেক বছর আমি সেখানে কাটিয়েছি। কিন্তু আমি যখন থেকে এখানে এসেছি, সবার মধ্যে একটা আলাদা আগ্রহ, আলাদা উদ্দীপনা দেখতে পাচ্ছি। অনুশীলন করার জন্য তর সইছে না আমার। আমার সতীর্থ ও কোচের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি।’
নেইমার-এমবাপ্পের সঙ্গে খেলার ব্যাপারে
নেইমার ও এমবাপ্পের মতো দুর্দান্ত খেলোয়াড়দের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি। ভাবতেই ভালো লাগছে, তাঁদের মতো অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে প্রতিদিন খেলতে পারব।
পিএসজির হয়ে প্রথম মাঠে নামার ব্যাপারে
মাসখানেক হলো আমি খেলার মধ্যে নেই। আমি দলের প্রধান কোচ ও অন্যান্য কোচদের সঙ্গে এর মধ্যেই কথা বলেছি। যখন আমি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হব, তখনই মাঠে নামব, তবে এ ব্যাপারে আমি আপনাদের কোনো নির্দিষ্ট তারিখ জানাতে পারছি না।
এমবাপ্পে কি পিএসজিতে থাকবেন?
মেসির দলে আসা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন, কিন্তু এখানেও না থেকে রইলেন এমবাপ্পে। প্রশ্ন উঠল তাঁর ভবিষ্যৎ নিয়ে। তবে এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে ছিটেফোঁটাও সংশয় থাকার কথা না। পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি জানিয়েছে, এমবাপ্পে থাকছেন মেসির সতীর্থ হয়েই —
‘এমবাপ্পে প্যারিসের ছেলে। ও প্যারিসের হয়েই খেলছে। ও প্রতিযোগিতা পছন্দ করে। ওর মানসিকতা বিজয়ীর। ও এখানেই থাকছে। ও দুর্দান্ত দল চেয়েছিল, আমাদের এখানে দুর্দান্ত এক দল আছে এখন। ওর না থাকার এখন আর কোনো কারণ নেই।’
সভাপতিকে মেসির ধন্যবাদ
নাসের আল খেলাইফি ও পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দোকে ধন্যবাদ জানাতে ভুললেন না মেসি —
‘আমি পিএসজির সভাপতি ও লিওনার্দোকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই পুরো দলকে। প্রথম থেকেই ওরা আমার সঙ্গে যেভাবে ব্যবহার করছে, তার জন্য। বার্সেলোনার আনুষ্ঠানিক ঘোষণাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা শুরু করে তাঁরা। অনেক অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি গোটা প্রক্রিয়াটা সম্পন্ন করতে পেরেছে তাঁরা। অনেক জটিল একটা পরিস্থিতির সমাধান খুব সহজভাবেই করতে পেরেছেন তাঁরা। আমি গোটা প্রক্রিয়ার জন্য তাঁদের ধন্যবাদ জানাতে চাই।’
মেসির লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ
গত কয়েক বছর ধরেই বার্সেলোনার জার্সিতে চ্যাম্পিয়নস লিগ জিততে চেয়েছিলেন মেসি, পারেননি। মেসির পছন্দমতো দল গড়তে পারেনি বার্সেলোনা। এবার পিএসজিতে এসেও একই ইচ্ছার কথা ব্যক্ত করলেন মেসি —
‘পিএসজি এই মৌসুমে দুর্দান্ত কিছু খেলোয়াড় দলে এনেছে। গত কয়েক বছরে চ্যাম্পিয়নস লিগ জেতার ক্ষেত্রে বেশ অনেকদূর এগিয়েছিল তাঁরা। আমি এই ক্লাবে এসেছি ওই লক্ষ্য নিয়েই। আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার চেষ্টা করব। আমার লক্ষ্য আরেকটা চ্যাম্পিয়নস লিগ জয়, আর আমার মনে হয় আমি সে জন্য আদর্শ জায়গাতেই এসেছি।’
মেসির আসার পেছনে আছে নেইমারের অবদান
‘আমি নেইমারকে অনেক আগে থেকেই চিনি। আমাদের লক্ষ্য এক। আমরা অনেক বছর আলাদা ছিলাম, কিন্তু আমার মনেহয় আমরা একসঙ্গে খেললেই ভালো হয় ব্যাপারটা। আমার পিএসজিতে আসার পেছনে নেইমারও অন্যতম এক কারণ। অন্যান্য সতীর্থদের সঙ্গে খেলতেও তর সইছে না আমার।’
ফরাসি লিগ নিয়ে মেসির মত
‘আমি লিগ আঁ নিয়মিত অনুসরণ করি। আমার বেশ কিছু বন্ধু আছে এখানে। পিএসজি বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড় এনেছে এবার। আমার কাছে এই লিগ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে হয়। সবাই পিএসজিকে হারাতে চায় এখানে। আমি এখানে আসতে পেরে অনেক খুশি।’
মেসিকে আনতে এফএফপি ভাঙেনি পিএসজি
একই দলবদলে মেসি, রামোস, দোন্নারুম্মা, হাকিমি, ভাইনালডমকে আনা, একই দলে আগে থেকেই ভেরাত্তি, এমবাপ্পে, নেইমার, পারেদেসদের থাকা — সবকিছু নিয়েই পিএসজি ফিফার আর্থিক সঙ্গতি নীতি (এফএফপি) ভেঙেছে এমনটা মনে হওয়া স্বাভাবিক। কিন্তু পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি একবাক্যে সে কথা অস্বীকার করেছেন —
‘আমি এ ব্যাপারে স্পষ্ট করে কিছু কথা বলতে চাই। এই প্রশ্নের অপেক্ষাই করছিলাম আমি। আমরা প্রথম দিন থেকে শুরু করে একদম শেষ দিন পর্যন্ত ফিফার আর্থিক সঙ্গতি নীতি মেনে চলব। কোনো কিছু করার আগে আমরা আর্থিক ব্যাপারগুলো নিয়ে চিন্তাভাবনা করি। আমরা জানতাম সবকিছু মিলিয়ে আমরা মেসিকে দলে আনতে পারব। মেসি আমাদের দলে যা আনছে, তা অনেক বড়। আমার মনে হয়, মিডিয়ার উচিৎ নেতিবাচক বিষয়গুলোর দিকে নজর না দিলে মেসি আমাদের ক্লাবে ইতিবাচক কি কি আনছে সে ব্যাপারে নজর দেওয়া।’
উপস্থিত সাংবাদিকেরাও দিলেন মেসির নামে স্লোগান
এ দৃশ্য অভিনব। হয়তো খেলোয়াড়টা মেসি বলেই। উপস্থিত সাংবাদিকেরাও সংবাদ সম্মেলন শেষে মেসির নামে স্লোগান তুললেন।
মেসিই ফোন করেছিলেন পচেত্তিনোকে
পিএসজিতে যোগ দেওয়ার ব্যাপারে কোচ পচেত্তিনোর ভূমিকাও ব্যাখ্যা করেছেন মেসি, ‘যখনই দেখলাম যে এখানে আসার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তখনই আমি পচেত্তিনোকে ফোন করলাম। আমরা দুজনই আর্জেন্টিনার, তাই ব্যাপারটা আরও সহজ হয়েছে আমার জন্য। পিএসজির কর্মকর্তারাও এ ব্যাপারে সাহায্য করেছেন আমাদের।’
ভেরাত্তিকে প্রশংসায় ভাসালেন মেসি
‘ভেরাত্তি অসাধারণ একজন খেলোয়াড়। সে বারবার দেখিয়েছে, সে তাঁর পজিশনে সেরাদের একজন। আমি ওর সঙ্গে খেলতে এসেছি। অসাধারণ একজন খেলোয়াড় সে, তবে এই কথা বাকি খেলোয়াড়দের ক্ষেত্রেও প্রযোজ্য।’
সংবাদ সম্মেলন শেষ, জার্সি নিয়ে ছবি তুললেন মেসি
এ দৃশ্য বার্সেলোনা ভক্তদের সহ্য না হওয়ারই কথা। সংবাদ সম্মেলনের শেষে ক্রীড়া পরিচালক লিওনার্দো ও সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে জার্সি নিয়ে ছবি তুললেন মেসি।
মাঠে গিয়ে পিএসজি সমর্থকদের সঙ্গে দেখা করলেন মেসি
বাইরে সবাই অপেক্ষা করছেন মেসির জন্য। মেসির এক ঝলক পাওয়ার আশায় মুখিয়ে আছেন সব পিএসজি সমর্থক। মেসি হতাশ করলেন না তাঁদের। দেখা দিলেন সমর্থকদের।
সভাপতির সঙ্গে গোটা মাঠ ঘুরে দেখছেন মেসি
পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসই এখন মেসির নতুন ঘর। নতুন সে ঘর একটু ঘুরে দেখতে হবে না? সভাপতিকে সঙ্গে নিয়ে কিছুক্ষণ গোটা মাঠ ঘুরে দেখলেন মেসি। তুললেন বেশ কিছু ছবি।
মাদাম তুসোর জাদুঘরে মেসির মূর্তিতে এল পরিবর্তন
প্যারিসের বিখ্যাত মাদাম তুসোর জাদুঘরে মেসির মোমের মূর্তিতে এতদিন বার্সেলোনার জার্সিই শোভা পেত। কিন্তু মেসি যেহেতু এখন ক্লাব বদলে প্যারিসের পিএসজিতেই এসেছেন, প্রতিষ্ঠানটি নিজেদের মূর্তিতে বার্সেলোনার জার্সি রাখবে কেন আর? সে মূর্তিতেও এখন পরানো হয়েছে পিএসজির জার্সি।