পিওতর চেকের অপরাজিত ১৭০

টুইটারে পিওতর চেককে অভিনন্দন জানাতে গিয়ে কী একটু আক্ষেপ হয়েছে ডেভিড জেমসের? ২২ বছরের পেশাদারি ক্যারিয়ারে অর্জন এমনিতেই খুব বেশি কিছু নেই তাঁর। হ্যাঁ, এটা ঠিক যে, প্রিমিয়ার লিগে চতুর্থ সর্বোচ্চ ৫৭২টি ম্যাচ খেলেছেন, ইংল্যান্ডের জার্সিতে ৫৩ টি। কিন্তু অর্জন? ব্যক্তিগত বা দলীয় তেমন কিছুই তো ছিল না। শিরোপার দিক থেকে বেচারার অর্জন শুধু লিভারপুলের হয়ে ইংলিশ লিগ কাপ আর পোর্টসমাউথের হয়ে একটি এফএ কাপ।
‘সবেধন নীলমনি’ একটা অর্জন যা-ও ছিল, সেটিও কাল ‘দখল’ করে নিলেন পিওতর চেক। আর্সেনাল গোলরক্ষককে অভিনন্দন জানানো বার্তাটি ‘টাইপ’ করতে গিয়ে একটু কী আঙুল কেঁপেছে জেমসের?
কাঁপাটা অসম্ভব কিছু নয়। কাল যে জেমসের একমাত্র ব্যক্তিগত অর্জনটাকে নিজের করে নিয়েছেন চেক। প্রিমিয়ার লিগে ১৬৯টি ম্যাচ গোলপোস্ট অক্ষত রাখার রেকর্ড ছিল জেমসের। কাল বোর্নমাউথের সঙ্গে ২-০ গোলের জয়ের ম্যাচে সেটা টপকে গেলেন চেক। ১৭০ ম্যাচে অপরাজিত আর্সেনাল গোলরক্ষক।
শুধু আর্সেনাল বললে কেমন যেন লাগে না! চেক বললে তো আসলে চেলসির জার্সিতে মুখোশ পরা গোলরক্ষকের কথা মাথায় আসে, আর্সেনালে তো এসেছেন এই মৌসুমেই। চেলসির হয়ে সাফল্য ভরা ১১ মৌসুমে ১৬২ ম্যাচে গোল খাননি তিনি। আর এই মৌসুমে আর্সেনালের জার্সিতে ৮ টি।
অবশ্য গত সেপ্টেম্বরেই রেকর্ডটা চেক ভেঙেছেন বলে একটা খবর পাওয়া যাচ্ছিল। তবে নিজের টুইটার অ্যাকাউন্টে সেটা যে ভুল ছিল, সেই ব্যাখ্যা তখনই দিয়েছিলেন চেক, ‘প্রিমিয়ার লিগে ১৭১টি স্ক্রিনশিট আছে আমার। তবে ৪ টিকে ধরতে পারছি না, কারণ ওই ম্যাচগুলোতে পুরো ৯০ মিনিট খেলিনি আমি।’
তবে এবার আর কোনো ধোঁয়াশা নেই চেকের রেকর্ড নিয়ে। ১৭০ পূর্ণ হয়েছে এই চেক গোলরক্ষকের, তাও বেশ ভালো দিনে। কাল বোর্নমাউথের সঙ্গে জিতে অন্তত ২৪ ঘণ্টার জন্য পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে আর্সেনাল। অবশ্য রেকর্ড গড়ার দিনটিকে জয় দিয়ে রাঙিয়ে দেওয়ার জন্য মেসুত ওজিলকে বেশ বড় একটা ধন্যবাদ দেবেন চেক। মৌসুমের শুরু থেকেই লন্ডনের ক্লাবটির যা কিছু ভালো, তার সঙ্গে ওজিলের নাম জড়িয়ে। অন্যের গোলে সহায়তা করতে করতে তো ‘অ্যাসিস্ট মাস্টার’ নাম হয়ে গেছেই, ইদানীং ওজিল স্কোরশিটেও নাম লেখাচ্ছেন। কালও দেখা দিলেন দুই ভূমিকাতেই। প্রথমে কর্নার থেকে ডিফেন্ডার গ্যাব্রিয়েলকে দিয়ে গোল করালেন, পরে দুর্দান্ত দলীয় আক্রমণকে পূর্ণতা দিলেন নিজেই।
অবশ্য ওজিল নায়ক হলেও, কালকের দিনটা ছিল শুধু চেকের জন্যই বরাদ্দ। আক্ষেপ ছিল কিনা কে জানে, তবে রেকর্ড গড়ার পর চেককে টুইটারে নিজেই অভিনন্দন জানিয়েছেন জেমস, ‘অভিনন্দন পিওতর চেক। প্রিমিয়ার লিগের ক্লিনশিটের রেকর্ডধারী। আরও অনেক কিছুই আসছে ভবিষ্যতে। অসাধারণ এক মানুষ।’
শেষের দুটি মন্তব্য নিয়ে জেমসের সঙ্গে দ্বিমত করবে, এমন লোক সম্ভবত এখনো ধরাধামে আসেনি। সূত্র: ইএসপিএন।