পিকে-রামোসের পাল্টাপাল্টি

জাতীয় দলে তাঁরা সতীর্থ। কিন্তু পরিচয়টা যখন ‘রিয়াল মাদ্রিদের রামোস’ আর ‘বার্সেলোনার পিকে’ হয়ে যায়, তখন বোধ হয় দুজনই ভুলে যান স্পেনের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খেলার কথা। সার্জিও রামোস আর জেরার্ড পিকে তখন ঘোর ‘শত্রু’। কদিন পরপরই লেগে যায় দুজনের। হয়তো রিয়ালকে খোঁচা দিয়ে কিছু বললেন পিকে, সেটার কড়া জবাব দিতে দেরি করেন না রামোসও। বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিতর্কিত জয়ের পর আরও একবার দেখা গেল দুজনের এই খোঁচাখুঁচি।
সান্তিয়াগো বার্নাব্যুতে পরশুর ম্যাচে বড় তিনটি ভুল সিদ্ধান্ত দিয়েছেন রেফারি। এর মধ্যে অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোলটা করার সময় পরিষ্কার অফসাইড ছিলেন রিয়াল উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। যেটি রেফারিদের চোখ এড়িয়ে গেছে দেখে অবাক হয়েছেন রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ডিফেন্ডার পিকে। রিয়ালকে খোঁচানোর এমন একটা সুযোগ কি আর তিনি হাতছাড়া করেন! রোনালদোর গোল নিয়ে টুইট করেছেন। সেই টুইটে অবশ্য কিছু লেখেননি পিকে। শুধু তিনটি ডট দিয়েছেন। যার অর্থ, রোনালদোর অফসাইড গোল দেখে তিনি ভাষা হারিয়ে ফেলেছেন!
কিছু না বলেও অনেক কথা বলে ফেলেছেন পিকে। রামোস এতেই বিস্তর চটেছেন। জবাবও দিয়েছেন স্প্যানিশ এই ডিফেন্ডার। পিকেকে মনে করিয়ে দিয়েছেন পিএসজির বিপক্ষে বার্সেলোনার ৬-১ গোলে জেতা ম্যাচটার কথা। ওই ম্যাচেও রেফারি বার্সেলোনার পক্ষে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছিলেন। উয়েফার কাছে যে কারণে আনুষ্ঠানিক প্রতিবাদও পাঠিয়েছিল পিএসজি। এমনকি ম্যাচটা আবার আয়োজন করার দাবিও উঠেছিল পিএসজি সমর্থকদের পক্ষ থেকে। পিকেকে সেসব কথা মনে করিয়ে দিতে ভোলেননি রামোস, ‘ওর এখন আবার পিএসজির বিপক্ষে ম্যাচটি ফিরে দেখা উচিত। দেখি, তারপর ও রেফারিদের নিয়ে একই কথা ভাবে কিনা। আর আমরা সবাই অপেক্ষা করে দেখি, জুভেন্টাস-বার্সেলোনা দ্বিতীয় লেগে কী হয়!’
রেফারির ভুলকে ফুটবলের অংশ বলেই মনে করেন রামোস, ‘এ রকম ভুলত্রুটি মেনে নিয়েই বেঁচে থাকতে হবে। যদিও আমি মনে করি, এখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহারের সময় এসেছে।’
ম্যাচের পর ভিএআর প্রযুক্তি ব্যবহারের পক্ষে কথা বলেছেন বায়ার্ন কোচ কার্লো আনচেলত্তিও। তবে ভিএআর-ই সব সমস্যার সমাধান নয় বলে মনে করেন বায়ার্ন মিডফিল্ডার থিয়াগো আলকানতারা, ‘ভিএআর হয়তো সাহায্য করে। তবে এটা ফুটবলের মজাটা নষ্ট করে দেয়। আসলে আমাদের দরকার এ ধরনের ম্যাচ পরিচালনা করার মতো যোগ্য রেফারি।’ এএফপি, রয়টার্স।