রিয়াল মাদ্রিদের শত্রু বনে গিয়েছিলেন আগেই। এবার মনে হচ্ছে, জেরার্ড পিকে গোটা স্পেনেরই গণশত্রু হয়ে যাবেন। এসপানিওলের সাবেক কোচ হাভিয়ের ক্লেমেন্তে সরাসরিই বলে দিলেন, পিকে একটা ‘হুলিগান’ ছাড়া আর কিছু নন। নতুন যে কাণ্ড হয়েছে, সেটি শুরু করেছিলেন পিকেই। কোপা ডেল রেতে প্রথম লেগে খেলার পরেই বার্সা ডিফেন্ডার বলে বসেন, পরের লেগে এসপানিওলের স্টেডিয়াম যেন অন্তত ভরা থাকে। এসপানিওলের খেলোয়াড়েরা সেটির জবাব না দিলেও দর্শকেরা সেটি নীরবে হজম করেননি। কট্টর এক সমর্থক তো পিকের গায়ে ছুড়ে মারার জন্য সবার চোখ ফাঁকি দিয়ে শুয়োরের মাথা নিয়েই ঢুকে পড়েছিলেন মাঠে। তবে সেটি পিকের গায়ে ছুড়তে পারেননি, বার্সা ডিফেন্ডার বেঞ্চ থেকে নড়েননি বলে। তবে এর চেয়েও বাজে কাজটা হলো, শাকিরাকে নিয়ে আপত্তিকর মন্তব্য ব্যানারে লিখে এনেছিলেন কয়েকজন সমর্থক। এ জন্য এখন শাস্তিও হতে পারে এসপানিওলের। মার্কা।