পিকেতে পোক্ত বার্সার অপরাজেয় যাত্রা
>• লিগে ২২ ম্যাচ অপরাজিত বার্সেলোনা।
• রিয়াল মাদ্রিদের চেয়ে ১৯ পয়েন্ট এগিয়ে বার্সেলোনা।
ক্রসটা মেসিই করেছেন। কিন্তু লা লিগায় বার্সেলোনার অপরাজেয় যাত্রা নিশ্চিত করতে জেরার্ড পিকেকেই মাথা ছোঁয়াতে হলো। ৮২ মিনিটের সে হেডেই কাতালান ডার্বিতে সমতা ফিরে এল। এস্পানিওলের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে বার্সেলোনা।
শুধু কাদারই অভাব। না হলে ম্যাচটা বাংলাদেশের কোনো গ্রামের খেলা বলে অনায়াসে চালিয়ে দেওয়া যেত। খেলোয়াড়ের বুটের ধাক্কায় ছিটকে বেরোচ্ছে পানি। মাঠের বিভিন্ন অংশের সবুজ দেখা যাচ্ছে না। এর মাঝেও খেলা চলছে। কেউ স্লাইড করছেন কেউবা গড়িয়ে চলে যাচ্ছেন অনেক দূর। বল পাস দিলে সেটা অর্ধেক গিয়ে আটকে যাচ্ছে। দ্রুত তালে পাস দিয়ে ওপরে উঠবেন সে উপায়ও নেই। আরে বাপু এই পানি ঠেলে কত জোড়েই-বা দৌড়োনো যায়!
দুই দলের দুটো গোলই তাই এসেছে একই ফর্মুলায়। ৬৬ মিনিটে সার্জিও গার্সিয়ার ক্রস থেকে হেডে এস্পানিওলকে এগিয়ে দিয়েছিলেন জেরার্ড মরেনো। আর ৮২ মিনিটে সমতা এনে দেওয়া গোলের কথা আগেই বলা হয়েছে।
মেসিকে বেঞ্চে রেখে ম্যাচ শুরু করেছিলেন আরনেস্তো ভালভার্দে। কিন্তু পাকো আলকাসের সুযোগ কাজে পারলে তো। প্রথমার্ধে বার্সেলোনা গোলের সবচেয়ে কাছাকাছি গিয়েছে দুই বার। ২২ মিনিটে ফিলিপে কুতিনহোর শট ক্রসবারে লেগেছিল। আর ৪৫ মিনিটে ইনিয়েস্তার ক্রসে পাউলিনহোর পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। ৫৯ মিনিটেই তাই বদলি নামাতে হয়েছে মেসিকে। তবে বদলি নেমে ম্যাচে প্রভাব রাখায় মেসিকে টপকে গেছেন সার্জিও গার্সিয়া। ৬১ মিনিটে মাঠে নামা এই ফরোয়ার্ডের ক্রস থেকেই গোল পেয়েছিল এস্পানিওল।
তবে শেষ হাসিটা মেসিই হেসেছেন, কাতালান ডার্বিতে না হারার সঙ্গে লিগে অপরাজিত থাকার হাসি।