পিচিচিই তাহলে অভিশাপ?

হ্যাটট্রিক করাটা সব সময়ই দুর্দান্ত কিছু। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পরশুরটা হতে পারত আরেকটু ‘স্পেশাল’। রিয়াল মাদ্রিদের হয়ে নিজের ৩০তম হ্যাটট্রিক, মৌসুমের সপ্তম আর লা লিগায় ২৬তম। সবচেয়ে বেশি হ্যাটট্রিকের লড়াইয়ে মেসিকে (২৪) অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন। অর্জনের রাতটা রাঙিয়ে দিতে আরও দুটি উপলক্ষ ছিল। আলফ্রেডো ডি স্টেফানোকে ছাড়িয়ে রিয়াল মাদ্রিদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোল এখন রোনালদোর। সবচেয়ে বড় কথা, পিচিচি ট্রফি নিয়ে মেসির সঙ্গে অনেক বছরের অঘোষিত লড়াইয়ে রোনালদোই হয়তো শেষ হাসিটা হাসতে যাচ্ছেন। কিন্তু লা লিগা আরও একবার অধরা থেকে গেল, রোনালদো এত কিছুর বিনিময়ে নিশ্চয়ই এই ট্রফিটাই চাইতেন!
শুনতে অদ্ভুত শোনাবে, পিচিচি ট্রফিটাই কি কাল হয়েছে রোনালদোর? রিয়াল মাদ্রিদে আসার পর দ্বিতীয় মৌসুমেই (২০১০-১১) ৪১ গোল করে হয়েছিলেন লা লিগার সর্বোচ্চ গোলদাতা। সেবার লিগ জিতেছিল কারা, মনে আছে? বার্সেলোনা। গত মৌসুমের স্মৃতি তো আরও টাটকা, ৩১ গোল করে পেয়েছিলেন পিচিচি ট্রফি। কিন্তু লিগ জেতে শেষ পর্যন্ত নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো। এর চেয়েও তাৎপর্যপূর্ণ, রিয়ালে আসার পর এখন পর্যন্ত একবারই লিগ জিতেছেন রোনালদো। ২০১১-১২ মৌসুমে কিন্তু ৪৬ গোল করেও পিচিচি জেতেননি, ৫০ গোল করে সেটি পেয়েছিলেন মেসি।
এই মৌসুমে প্রতিদ্বন্দ্বিতাটা শেষ ম্যাচ পর্যন্ত যেতে পারে বলেই মনে হচ্ছিল। পরশুর আগ পর্যন্ত রোনালদোর গোল ৪২, মেসির ৪০। এসপানিওলের সঙ্গে হ্যাটট্রিকে রোনালদোর গোল এখন ৪৫টি। অ্যাটলেটিকোর সঙ্গে লা লিগা জেতানো গোলের পর মেসি এখন ৪ গোল পেছনে। দেপোর্তিভোর সঙ্গে শেষ ম্যাচে মেসি অলৌকিক কিছু না করলে পিচিচির সঙ্গে ইউরোপিয়ান গোল্ডেন বুটও রোনালদোই পেতে যাচ্ছেন।
রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটাও এখন সিআর-সেভেনের দৃষ্টিসীমায়। প্রয়াত কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোর ৩০৭ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন আগেই। পরশুর হ্যাটট্রিকে ৩১০ গোল নিয়ে রোনালদো আছেন এখন দুইয়ে। ম্যাচপ্রতি গোলের দিক দিয়ে ডি স্টেফানোর চেয়ে অনেক এগিয়ে। ৩০৭ গোল করতে ডি স্টেফানো খেলেছেন ৩৯৬টি ম্যাচ, আর ৩১০ গোলের জন্য রোনালদো খেলছেন মাত্র ২৯৯টি ম্যাচ। সামনে আছেন শুধু রাউল, ৭৪১ ম্যাচ খেলে সাবেক রিয়াল স্ট্রাইকার করেছেন ৩২৩ গোল।
তবে ডি স্টেফানোর গোলসংখ্যা নিয়ে অবশ্য একটা বিতর্ক আছে। বিতর্কটা ১৯৬২-৬৩ মৌসুমে রিয়াল বেটিসের সঙ্গে কোপা ডেল রের একটা ম্যাচের গোল নিয়ে। ওই গোলটা ডি স্টেফানো না পুসকাস করেছিলেন, সেটি নিয়েই দুই রকম মত আছে। রিয়ালের ওয়েবসাইটে গোলটি ডি স্টেফানোর বলে দাবি করে আসা হচ্ছে। কিন্তু অন্যসব সূত্র অনুযায়ী, ওই গোলটি করেছিলেন ফেরেঙ্ক পুসকাস। সে যা-ই হোক, সব হিসাবেই গত পরশু রিয়ালের জার্সি গায়ে গোল করায় ডি স্টেফানোকে পেছনে ফেলেছেন রোনালদো।
ও হ্যাঁ, চ্যাম্পিয়নস লিগে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে মেসির। দুজনেরই গোল ৭৭টি করে, তবে মেসি তো ফাইনাল খেলবেন। রোনালদো যেটিতে এবার শুধুই দর্শক।
রিয়ালের শীর্ষ পাঁচ গোলদাতা
৩২৩ রাউল
৩১০ ক্রিস্টিয়ানো রোনালদো
৩০৭ আলফ্রেডো ডি স্টেফানো
২৯০ কার্লোস সান্তিয়ানা
২৪২ ফেরেঙ্ক পুসকাস