পিছিয়ে থেকেও জিতল সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কস্তার ধার যেন বেড়েই চলছে। ছবি: রয়টার্স
কস্তার ধার যেন বেড়েই চলছে। ছবি: রয়টার্স

দুই সপ্তাহ আগে কিউপিআরের বিপক্ষে ড্রয়ের পর আজ ম্যানচেস্টার সিটি স্নায়ুচাপে ভুগছিল কিনা কে জানে! ঘরের মাঠে সোয়ানসি সিটির বিপক্ষে ৯ মিনিটেই ম্যানুয়েল পেলিগ্রিনির দল গোল খেয়ে বসল! অবশ্য এ গোলের পরও ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে সিটি। অন্যদিকে দশজনে পরিণত হওয়া ওয়েস্ট ব্রমকে ২-০ গোলে হারিয়েছে চেলসি।

৯ মিনিটে সোয়ানসির স্ট্রাইকার উইলফ্রিড বনি বল জড়িয়ে দেন সিটির জালে। ১০ মিনিট পরেই স্টিভেন জোভেতিচের গোলে সমতায় ফেরে সিটি। ৬২ মিনিটে সিটির জয়সূচক গোলটি করেন ইয়া তোরে।
অন্যদিকে স্টামফোর্ড ব্রিজে ওয়েস্ট ব্রমের বিপক্ষে ১১ মিনিটে এগিয়ে নেন ডিয়েগো কস্তা। বক্সের বাইরে থেকে দেওয়া ক্রসটি বুক দিয়ে নামিয়ে দুর্দান্ত এক ভলিতে ওয়েস্ট ব্রমের জালে বল জড়িয়ে দেন কস্তা। এ মৌসুমে ১০ ম্যাচে ১১ গোল করে গোলদাতার তালিকায় দ্বিতীয় অবস্থানে চেলসি স্ট্রাইকার। ২৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন এডেন হ্যাজার্ড। ২৯ মিনিটে ক্লদিয়া ইয়কোব লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় ওয়েস্ট ব্রম। এরপরও ব্যবধান যে আর বাড়েনি, সেটি ভেবে সান্ত্বনা নিতে পারে ওয়েস্ট ব্রম!
১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি, সমানসংখ্যক ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে সিটি।