পিছিয়ে গেল গার্দিওলা-মরিনহোর 'দ্বৈরথ'

হোক প্রীতি ম্যাচ, হোসে মরিনহো ও পেপ গার্দিওলার দ্বৈরথ বলে কথা! আজকের ম্যানচেস্টার ডার্বি নিয়ে তাই আগ্রহের পারদটা বেশ উঁচুতেই ছিল।
কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির ম্যাচে দুই কোচকে ডাগআউটে দেখার জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। খারাপ আবহাওয়ার কারণে বাতিল হয়ে গেছে এই ম্যাচ।
বেইজিংয়ে ম্যাচটি হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় আজ সন্ধ্যায়। কিন্তু বেশ কিছুদিন ধরেই মুষলধারে বৃষ্টি হচ্ছে চীনের রাজধানীতে।
অতিবৃষ্টিতে এর মধ্যে চীন জুড়ে তিন লাখ লোক গৃহহীন হয়ে পড়েছে। মারা গেছে প্রায় ২০০ লোক। মাঠে খেলাটাও হয়ে পড়েছে বিপজ্জনক।
মাঠকর্মীরা কাল থেকে ঠিকঠাক করার চেষ্টা কম করেননি। কিন্তু শেষ পর্যন্ত সেটি খেলার উপযুক্ত অবস্থায় আনা যায়নি। ম্যানচেস্টার ইউনাইটেডের অফিশিয়াল টুইটার পেজ থেকে জানানো হয়েছে, ম্যাচটা আজকে আর হচ্ছে না।
এই মৌসুমেই ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন মরিনহো। অন্যদিকে, সিটির ডাগআউটে এসেছেন গার্দিওলা। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার সেই পুরোনো দ্বৈরথের দ্বিতীয় পর্ব আজকের ম্যাচ দিয়েই শুরু হওয়ার কথা ছিল। সেটি এখন কিছুদিনের জন্য পিছিয়ে গেল।