তারুণ্যনির্ভর দল নিয়ে স্বপ্ন দেখছিলেন শিরোপা জেতার। একটু একটু করে এগিয়েও যাচ্ছিলেন গন্তব্যে। কিন্তু কাল যেন আত্মসমর্পণ করলেন মোহামেডানের কোচ জসীমউদ্দিন জোসি, ‘নিজেরা খেলে চ্যাম্পিয়ন হওয়ার মতো অবস্থায় আমরা নেই। যদি অন্যের দয়ায় এখন চ্যাম্পিয়ন হতে পারি।’
বাস্তবতাও বলছে তাই। কাল ব্রাদার্সের সঙ্গে গোলশূন্য ড্র করে মোহামেডান শিরোপাদৌড় থেকে পিছিয়ে পড়ল অনেকটাই। ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তিনে উঠে এলেও শীর্ষে থাকা শেখ জামাল ধানমন্ডির সঙ্গে তাদের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ছয়ে। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট লিগ চ্যাম্পিয়ন শেখ জামালের। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পাঁচে ব্রাদার্স।
প্রথম পর্বে এই ব্রাদার্সের কাছেই ১-০ গোলে হেরেছিল মোহামেডান। কাল গোলের বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল সাদা-কালোরা। কিন্তু ইসমাইল বাঙ্গুরা, জুয়েল রানা, ইব্রাহিমরা গোল নষ্ট করারই যেন মহড়া দিলেন। ব্রাদার্সের সবচেয়ে বড় ভরসা অগাস্টিন ওয়ালসন কাল একাদশেই ছিলেন না। আগের ম্যাচে লাল কার্ড দেখা লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার (১৪) অভাবটা ভালোই টের পেয়েছে কমলা দলটি। কেস্টার আকন ও শরীফুলরা বেশ কয়েকবার ভালো সুযোগ পেয়েও গোল করতে পারেননি।
দ্বিতীয়ার্ধে দুই দলেরই দুটি সহজ সুযোগ নষ্ট হয়েছে। ৬০ মিনিটে ব্রাদার্স মিডফিল্ডার সিমন মোহামেডান গোলরক্ষক রানাকে একা পেয়েও গোল করতে পারেননি। যোগ হওয়া সময়ে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেছেন মোহামেডান ফরোয়ার্ড জুয়েল রানা।
পয়েন্ট খুইয়ে হতাশ জোসি ফরোয়ার্ডদের ব্যর্থতার পাশাপাশি দুষেছেন ক্লান্তিকেও, ‘বড় ম্যাচে এমন সুযোগ নষ্ট করলে জেতা কঠিন হয়ে পড়ে। গত আট দিনে তিনটি ম্যাচ খেলে ক্লান্ত ছেলেরা পারফরম্যান্স করতে পারছে না।’ পয়েন্ট ভাগাভাগি হওয়ায় ব্রাদার্স কোচ সৈয়দ নইমুদ্দিন হতাশ ‘ছেলেরা মোটেও ভালো খেলতে পারেনি।’