লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াই চলছে দুই বিদেশি স্ট্রাইকারের। আবাহনীর নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে সিজোবা ১৫ গোল করে সবার ওপরে। ব্রাদার্সের এনকোচা কিংসলে ১৩ গোল নিয়ে দুইয়ে। কাল সানডেকে ছোঁয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ব্রাদার্সের এই নাইজেরিয়ান স্ট্রাইকার। ম্যাচ শেষে তাই একটু বেশিই হতাশ দেখাল এনকোচাকে। তবে মুক্তিযোদ্ধার সঙ্গে পিছিয়ে পড়েও ১-১ গোলে দলের ড্র, এতেই যেন সান্ত্বনা খুঁজতে হলো তাঁকে।
এই ড্রয়ে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ছয়ে মুক্তিযোদ্ধা। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সাতে ব্রাদার্স।
স্ট্রাইকার তৌহিদুলের পা ভেঙে যাওয়ার পর থেকেই মুক্তিযোদ্ধা যেন ‘ভাঙা হাট’। ঢাকায় গত ১৬ অক্টোবর চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচে পা ভেঙে লিগ শেষ তৌহিদুলের। তিনটি কার্ডের খাড়ায় পড়ে গতকাল খেলতে পারেননি মিডফিল্ডার সোহেল রানা। ফর্মে নেই বিদেশি স্ট্রাইকার আহমেদ মুসাও। তাকে একাদশেই রাখেন না কোচ আবদুল কাইয়ুম সেন্টু। সব মিলিয়ে ভজকট অবস্থা দলের। আক্রমণাত্মক ফুটবলের চেয়ে রক্ষণ সামলানোর দিকেই নজর বেশি মুক্তিযোদ্ধার। এ কারণেই কিনা কাল ২৭ মিনিটে সিমোন এজেয়োদিকার গোলে এগিয়ে গিয়েও অগ্রগামিতা ধরে রাখতে পারেনি তারা। ডানপ্রান্ত দিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ দক্ষতায় বক্সে ঢুকে গোল করেন সিমোনে।
গোল শোধে মরিয়া ব্রাদার্স আক্রমণের ধার বাড়িয়েছে দ্বিতীয়ার্ধে। ৫১ মিনিটে এনকোচা কিংসলের হেড গোললাইনে সেভ করেন মুক্তিযোদ্ধার ডিফেন্ডার মনজুরুর রহমান। গোলরক্ষক মামুন জায়গা ছেড়ে তখন বেরিয়ে এসেছিলেন। ৭৫ মিনিটে ব্রাদার্সকে সমতায় ফেরান অগাস্টিন ওয়ালসন। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতরে ঢুকে শট নেন ওয়ালসন; ক্রসবারে লেগে বল ঢোকে জালে। বাকি সময় চেষ্টা করেও আর কেউ গোলের দেখা পায়নি।
এগিয়ে থেকেও ড্র করায় দুভার্গ্যের কথাই বললেন মুক্তিযোদ্ধার কোচ আবদুল কাইয়ুম, ‘আমাদের দুর্ভাগ্য যে এগিয়ে থেকেও ড্র করতে হলো। আসলে তৌহিদুলের পা ভাঙার পর থেকেই দল ভুগছে। তবে আশা করি পরের ম্যাচগুলো ভালো খেলবে ছেলেরা।’
ব্রাদার্স কোচ সৈয়দ নঈমুদ্দিনের কণ্ঠে হতাশা, ‘বিদেশিদের সঙ্গে স্থানীয় ফুটবলারদের বোঝাপড়াটা মাঠে সেভাবে হচ্ছে না। আমি তাদের বলেছি, কেউ তোমাদের সুযোগ দেবে না, সুযোগ তৈরি করে নিতে হবে। কিন্তু মাঠে গিয়ে তারা সব ভুলে যায়।’
কালকের ম্যাচ দিয়েই শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ময়মনসিংহ-পর্বের খেলা। ১৮ নভেম্বর শুরু হবে চট্টগ্রাম-পর্ব।