পিৎজা খেয়েই মেসির সর্বনাশ!

২০১৩-১৪ মৌসুমে লিওনেল মেসির ঝুলিতে নেই উল্লেখযোগ্য কোনো সাফল্য। এ মৌসুমেও ঠিক নিজের মতো জ্বলে উঠতে পারছেন কি না, তা নিয়েও আছে প্রশ্ন। আর মেসির ‘নিষ্প্রভ’ ফর্মের পেছনে নাকি দায়ী পিৎজা! এ মন্তব্য বার্সেলোনার ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাসের।
জেনে থাকবেন, মাত্র ১৩ বছর বয়সেই মেসিকে রোজারিও থেকে বার্সায় আনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই রেক্সাসের (তখনকার টেকনিক্যাল ডিরেক্টর)। মূলত তাঁর উদ্যোগেই হরমোনজনিত সমস্যায় আক্রান্ত কিশোর মেসিকে দ্রুত বার্সায় ভেড়ানো হয়।
রেক্সাস মনে করেন, গত মৌসুমে প্রয়োজনের অধিক পিৎজা খেয়ে শরীর ভারী করে ফেলেছেন মেসি! এ কারণে মাঠে বল নিয়ে আগের মতো দুরন্ত গতিতে ছুটতে পারেন না। গোল পেলেও সেগুলো আর আগের মতো ক্ষুরধার হয় না। খাদ্যাভ্যাসে তাই পরিবর্তন আনাটা জরুরি বলেই মনে করেন রেক্সাস। বেশ কিছুদিন আগে স্প্যানিশ একটি পত্রিকায় খেলার পরে বার্সার খেলোয়াড়দের খাবারের তালিকার ছবি প্রকাশ হয়েছে। সেখানে দেখা যায়, মেসি চেয়েছেন পিৎজা!
বার্সা কোচ লুইস এনরিকেরও সমালোচনা করেছেন রেক্সাস, ‘এনরিকে অনেক নিয়মের বেড়াজালে বন্দী করে রাখছেন খেলোয়াড়দের।’ কোচকে সহনশীল এবং আরও খেলোয়াড়-বান্ধব হওয়ার পরামর্শ দেন তিনি। লা লিগায় রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে বার্সেলোনার অবস্থান এখন পয়েন্ট টেবিলের ২ নম্বরে। তথ্যসূত্র: মেইল অনলাইন ও গোলডটকম।