পিৎজার লোভ সামলেই এমন ফর্মে মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিৎ​জার ওপর মেসির অনেক লোভ!
পিৎ​জার ওপর মেসির অনেক লোভ!

২০১৩-১৪ মৌসুমে লিওনেল মেসির ‘নিষ্প্রভ’ ফর্মের পেছনে কদিন আগে ‘পিৎজা-তত্ত্ব’ দিয়েছিলেন মেসির আবিষ্কারক কার্লেস রেক্সাস! প্রয়োজনের অধিক পিৎজা খেয়ে শরীর ভারী করে ফেলেছিলেন মেসি! এ কারণে মাঠে দুরন্ত গতিতে ছুটতে পারেননি বার্সা ফরোয়ার্ড। এ খবর উড়িয়ে দেওয়া উপায় কই? কারণ, দুটি স্প্যানিশ দৈনিকের খবর, চলতি মৌসুমে খাদ্যাভ্যাস থেকে প্রিয় পিৎজা বাদ দিয়ে মেসি ফিরে পেয়েছেন আগের ধার! 

সম্প্রতি কাতালান ক্রীড়া দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’র প্রচ্ছদ প্রতিবেদন করেছে মেসির ওজন কমানো নিয়ে। একই খবর প্রকাশ করেছে মাদ্রিদ ভিত্তিক পত্রিকা ‘এএস’ও। প্রতিবেদনে মেসির গত বছর ও এ বছরের দুটি ছবি পাশাপাশি ছেপে বুঝিয়েছে, গত এক বছরে কতটা নিজেকে বদলেছেন মেসি। মেসি নাকি তাঁর খাদ্যাভ্যাস পরিবর্তনের সিদ্ধান্ত নেন গত বছরের শেষের দিকে। তাঁকে পরামর্শ দেন ইতালীয় ডায়েটিসিয়ান সিলভিয়া ত্রেমোলেদা ও আর্জেন্টিনা দলের চিকিৎসক মার্সেলো দি আন্দ্রে। দুজনই মেসিকে পরামর্শ দেন খাদ্যাভ্যাস থেকে পিৎজা বাদ দিতে। ব্যস, তাতেই কাজ হলো।

পিৎ​জা তাঁর ভীষণই প্রিয়। কিন্তু দলের স্বার্থে, নিজের খেলার স্বার্থে সেই পিৎ​জাকে বাদ দিয়ে দিলেন মেসি। শরীরের ওজন কমল সাড়ে তিন কেজি। ফিরে এল আগের সেই গতি। প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে আবারও পারঙ্গম মেসি। পরিসংখ্যানটি দেখুন, গত তিন মাসে ১৭ ম্যাচে মেসি গোল পেয়েছেন ২০টি। 

মেসির সুদিনে ঘোর প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর আবার ছন্দপতন। এ বছরে ১৪ ম্যাচে রোনালদোর গোল ৯টি। এরই মধ্যে রোনালদোকে ছাড়িয়ে মেসি বসেছেন লিগে সর্বোচ্চ গোলদাতার আসনে। এ মুহূর্তে রিয়াল তারকার গোলসংখ্যা ৩০টি আর বার্সা ফরোয়ার্ডের ৩২টি। আগামীকাল ‘এল ক্লাসিকো’তে মেসির সামনে আরেক রেকর্ডের হাতছানি। বার্সার জার্সিতে ৪৬৪ ম্যাচে করেছেন ৩৯৭ গোল। ধ্রুপদি লড়াইয়ে হ্যাটট্রিক করতে পারলেই বার্সার হয়ে করে ফেলবেন ৪০০ গোলের অনন্য এক রেকর্ড। তথ্যসূত্র: এএফপি ও ইএসপিএনএফসি।