পিয়ানিচের বিস্ময়কর গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬০ গজ দূর থেকে দারুণ এক শটে গোল করেছেন মিরালেম পিয়ানিচ
৬০ গজ দূর থেকে দারুণ এক শটে গোল করেছেন মিরালেম পিয়ানিচ

দূরপাল্লার শট থেকে গোল করার খ্যাতি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দেরই। ১৯৯৬-৯৭ মৌসুমে মাত্র ২১ বছর বয়সে মাঝ মাঠ থেকে দারুণ এক গোল করেছিলেন ডেভিড বেকহাম। গত মৌসুমে ওয়েইন রুনিও মাঝ মাঠ থেকে গোল করে ফিরিয়ে এনেছিলেন বেকহামের স্মৃতি। দুজনের গায়েই ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি। এবার সেই ম্যানইউয়ের বিপক্ষেই মাঝ মাঠ থেকে গোল করে বিস্ময় ছড়িয়েছেন রোমার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ।

প্রাক মৌসুম প্রীতি ম্যাচে পিয়ানিচের এই গোলটি ছাড়িয়ে গেছে রুনি-বেকহামদেরও। গোলপোস্ট থেকে ৬০ গজ দূর থেকে দারুণ এক শটে জালে বল জড়িয়েছেন বসনিয়ার এই ফুটবলার। ডাগআউটে বসে ঘোর লাগা চোখে দুর্দান্ত এই গোলটি দেখেছেন রুনি-বেকহামদের সাবেক সতীর্থ ও ম্যানইউয়ের সহকারী কোচ রায়ান গিগস।

তবে পিয়ানিচের এই গোলটি হুট করেই হয়ে গেছে ভাবলে ভুল করবেন। এ রকম একটা গোল করার জন্য অনুশীলনে অনেক ঘাম ঝরিয়েছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। দূরপাল্লার শট থেকে গোল করার কৌশলও শিখেছেন রাগবি খেলোয়াড়দের কাছ থেকে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এই ম্যাচের আগের দিনই পিয়ানিচকে দেখা গিয়েছিল রাগবি বল নিয়ে অনুশীলন করতে। ফুটবল মাঠেও যে সেটার সফল প্রয়োগ ঘটাবেন, সেটা হয়তো তখন কেউ অনুমান করতে পারেননি।