পুতিনকে গালি দিয়ে রাশিয়ান ক্লাবের চাকরি ছাড়লেন সাবেক লিভারপুল তারকা
‘যে দেশ আমার মাতৃভূমির ওপর বোমা ফেলছে, সে দেশে আর চাকরি করা সম্ভব না আমার পক্ষে...’
ইউক্রেনের হয়ে ৭৫ বার মাঠে নেমেছেন। খেলোয়াড়ি জীবনে খেলেছেন বায়ার লেভারকুজেন, লিভারপুলের মতো ক্লাবের হয়ে। রাশিয়ার ক্লাব দিনামো মস্কোর সঙ্গে সম্পর্কটা অনেক পুরোনো। স্ট্রাইকার হিসেবে সেখানে তো খেলেছেনই, বুটজোড়া তুলে রেখে বছর দুয়েক আগে চাকরির খোঁজে সেখানেই সবার আগে পাড়ি জমিয়েছিলেন। নিয়েছিলেন সহকারী কোচের দায়িত্ব। সেই রাশিয়াই এখন তাঁর দেশের জন্য সবচেয়ে বড় হুমকি। আন্দ্রিই ভরোনিন কী করে পারেন মুখ বুজে শত্রু দেশের অর্থে জীবন চালাতে?
পারেননি তিনি। ৪২ বছর বয়সী সাবেক এই স্ট্রাইকার চাকরি ছেড়ে দিয়েছেন। চুক্তি বাতিল করেছেন দিনামো মস্কোর সঙ্গে। আনুষ্ঠানিক বিবৃতিতে দিনামো মস্কোই জানিয়েছে খবরটা, ‘ফুটবল ক্লাব দিনামো ও সহকারী কোচ আন্দ্রিই ভরোনিন নিজেদের চুক্তি বাতিলের ব্যাপারে সম্মত হয়েছেন।’
যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রাশিয়া ছেড়ে জার্মানিতে পাড়ি জমিয়েছিলেন ভরোনিন। সেখানে জার্মান সংবাদমাধ্যম বিল্ডকে নিজের সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছেন, জার্মানিকে আহ্বান জানিয়েছেন, তাঁর দেশকে সাহায্য করার জন্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছাপার অযোগ্য গালি দিয়ে ভরোনিন বলেছেন, 'ওই.... (গালি) কে থামান। শরণার্থীদের সাহায্য করুন। অস্ত্র পাঠান যাতে আমরা আমাদের রক্ষা করতে পারি। আমি আমার দেশ নিয়ে গর্বিত। আমাদের সুন্দর শহর আছে, অসাধারণ মানুষ আছে। আমরা লড়েই যাবো। এবং আমরা জিতব। কিন্তু সেই বিজয় অর্জন করার জন্য সে মূল্য চোকাতে হবে, তা অনেক বেশি। আমরা ২০২২ সালে বাস করি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে না।’
কীভাবে মস্কো থেকে পালিয়ে জার্মানি এসেছেন, সে যন্ত্রণাদায়ক সময়ের কথাও উল্লেখ করেছেন ভরোনিন, ‘মস্কো পুরোপুরি বন্ধ হওয়ার আগেই আমরা বেরিয়ে আসি। আমরা সরাসরি ডুসেলডর্ফে আসতে পারিনি, তাই আমস্টারডাম হয়ে আসতে হয়েছে আমাদের। আমার বাবা, মা, স্ত্রী-সন্তান এখন আমার সঙ্গেই আছে।’
মাতৃভূমির অবস্থা দেখে প্রাণ কাঁদছে ভরোনিনের, ‘চার দিন যাবত আমি অসুস্থ। আমি যখনই আমার মাতৃভূমির ছবি দেখছি, অনেক খারাপ লাগছে। ভীতিকর কোনো চলচ্চিত্রের মতো অবিশ্বাস্য মনে হচ্ছে সবকিছু।’
পারলে এখনই শত্রুর বিপক্ষে অস্ত্র ধরতেন ভরোনিন, 'আমি শুধু সাহায্য করতে চাই। টাকা দিয়ে, যেভাবে হোক না কেন। আমি জানি না আমার এটা বলা উচিৎ কি না, কিন্তু আমি যদি এখন ইউক্রেনে থাকতাম, আমার হাতেও এখন হয়তো অস্ত্র থাকত।’
২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা দশ বছর ইউক্রেনের জাতীয় দলের হয়ে খেলেছেন ভরোনিন, ৭৫ ম্যাচে করেছেন আট গোল। ছিলেন আন্দ্রিই শেভচেঙ্কোর সতীর্থ। ২০০৭ সালে ফ্রি দলবদলে বায়ার লেভারকুজেন ছেড়ে যোগ দিয়েছিলেন রাফা বেনিতেজের লিভারপুলে। তেমন কিছু করতে পারেননি। পরে খেলেছেন হার্থা বার্লিন, দিনামো মস্কো, ফরচুনা ডুসেলডর্ফের মতো ক্লাবগুলোর হয়ে।