পুতিনের যন্ত্রণাদায়ক মৃত্যু কামনা করা পোস্ট মুছে দিল ইনস্টাগ্রাম
ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। আজ সকালে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর এই ঘোষণার পরপরই ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয়ে যায়। ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণাধীন দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া।
ডনবাস নামে পরিচিত এই অঞ্চলে হামলায় সাতজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইউক্রেনের পুলিশ। নিজ দেশে অন্য দেশের এমন আগ্রাসন ভালোভাবে নিতে পারেননি ইউক্রেনের ক্রীড়াবিদেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মতামত জানাচ্ছেন বিশ্ব ক্রীড়াঙ্গনে পরিচিত তারকারা।
২০০৪ ব্যালন ডি’অর জয়ী আন্দ্রেই শেভচেঙ্কো, টেনিস তারকা এলিনা সভিতোলিনার মতো আশঙ্কার কথা জানিয়েছেন ইউক্রেন জাতীয় দলের অধিনায়ক ওলেক্সান্দার জিনচেঙ্কোও। আজ নিজের আবেগ আটকাতে না পেরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা করে পোস্ট করেছিলেন। সে পোস্ট মুছে দিয়েছে ইনস্টাগ্রাম।
বিবিসি বলছে, এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আর ১৯ জন নিখোঁজ আছেন।
ডেইলি মেইল জানিয়েছে, হামলার পরপরই তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পুতিনের একটা ছবি দিয়েছেন। সে সঙ্গে লিখেছিলেন, ‘দানব, আশা করি সবচেয়ে যন্ত্রণাদায়ক মৃত্যু হবে তোর।’ একটু পরই অবশ্য সেটা আর দেখা যায়নি। জিনচেঙ্কো দাবি করেছেন, তিনি নিজে থেকে সরাননি। ইনস্টাগ্রামই মুছে দিয়েছে এই বার্তা।
গত পরশু রাশিয়ার হামলার শঙ্কার মাঝেই ইনস্টাগ্রামে হুংকার ছুড়েছিলেন ম্যানচেস্টার সিটির লেফটব্যাক জিনচেঙ্কো, ‘আমার দেশটা ইউক্রেনীয়দের এবং কেউ তা কেড়ে নিতে পারবে না। আমরাও ছাড় দেব না। সভ্য বিশ্ব আমার দেশের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে জানে, এই দেশে আমি জন্মেছি, বেড়ে উঠেছি এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের জার্সির প্রতিনিধিত্ব করি। এই দেশটাকে আমরা গৌরবান্বিত করার চেষ্টা করছি। সীমান্তটা তাই অবশ্যই অক্ষত রাখতে হবে।’
এদিকে ইউক্রেন সাইবার হামলারও শিকার হচ্ছে। ইউক্রেন সরকারের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে হামলা করা হয়েছে। বাদ পড়েননি জিনচেঙ্কোও। উইকিপিডিয়ার থাম্বনেলে তাঁর পরিচিতিতে দেখা যাচ্ছে, তিনি ‘রাশিয়ান ফুটবলার’।